২১৮ ছুঁলেই সিরিজ জয়
মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে ২১৮ রান প্রয়োজন বাংলাদেশের। দিবারাত্রির এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে দুই ওভার বাকি থাকতে ২১৭ রানে অলআউট হয়েছে ক্যারিবীয় দল। ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১৭ রানের মধ্যে তিনটি উইকেটের পতন ঘটে। তবে চতুর্থ উইকেটে কাইরন পোলার্ড ও ড্যারেন ব্রাভোর ১৩২ রানে জুটিতে শুরুর বিপর্যয় কাটায় ক্যারিবীয়রা।ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৮৫ রান সংগ্রহ কাইরন পোলার্ডের। তাঁর ৭৪ বলের ইনিংসে ছিল পাঁচটি চার ও আটটি ছয়ের মার। পোলার্ডকে বোল্ড করেন মমিনুল হক। ৫১ রান করা ড্যারেন ব্রাভোকে ফেরান মাহমুদউল্লাহ।বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন শফিউল ইসলাম। ৯ ওভার বল করে ৩১ রান খরচায় তিনি তুলে নিয়েছেন তিনটি উইকেট। মাহমুদউল্লাহ ও মমিনুল হক নেন দুটি করে উইকেট।ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে সবার আগে সাজঘরে ফেরেন কাইরেন পাওয়েল (১১)। শিকারি সোহাগ গাজী। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তখন ১৬ রান। দলীয় সংগ্রহে আর এক রান যোগ হতেই সাজঘরে ফেরেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল (২)। এবার শিকারি শফিউল ইসলাম। দলীয় ১৭ রানেই রানআউট হন মারলন স্যামুয়েলস (১)। মাত্র দুই রানের ব্যবধানে তিনটি উইকেটের পতন ঘটনায় বেশ বড় ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। তবে বিপর্যয় কাটে পোলার্ড-ব্রাভোর ১৩২ রানের জুটিতে।সিরিজ এখন পর্যন্ত ২-২-এ সমতায়। আজকের ম্যাচটিই তাঁই অলিখিত ‘ফাইনাল’। সিরিজ নিস্পত্তির ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। মাশরাফি বিন মুর্তজা ও নাঈম ইসলাম খেলছেন না। নাঈমের জায়গায় দলে এসেছেন জহুরুল ইসলাম। মাশরাফির জায়গায় খেলছেন পেসার শফিউল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ দলেও একটি পরিবর্তন এসেছে। ডোয়াইন স্মিথের পরিবর্তে খেলছেন আন্দ্রে রাসেল।