২২ গজে ব্লেক বনাম লি!
বিশাল এক ছক্কায় ২১ বলে ২০ রান। একবার বল আছড়ে ফেললেন মাঠের বাইরে, ভেঙে দিল চকচকে এক গাড়ির উইন্ডস্ক্রিন। ক্রিস গেইল এখন কলম্বোতে, কিন্তু জ্যামাইকায় ঠিকই ব্যাট হাতে ত্রাস সৃষ্টি করেছেন একজন। বিধ্বংসী সেই ব্যাটসম্যানের নামটা শুনলে চমকে উঠবেন, ইয়োহান ব্লেক!উসাইন বোল্টকে দলে নিতে আগ্রহী মেলবোর্ন স্টার্স, এটা পুরোনো খবর। ব্লেকের বিগ ব্যাশে খেলতে চাওয়াটাও পুরোনো তথ্য। নতুন খবর, বিগ ব্যাশে খেলার জন্য ব্লেক আসলেই ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। পরশু জ্যামাইকার প্রিজন ওভালে সেন্ট ক্যাথেরিন টি-টোয়েন্টি লিগে খেললেন বার্টলিস একাদশের হয়ে, কারেকশনাল সার্ভিসেসের বিপক্ষে। গতকাল শুরু হওয়া পোর্টমোর ক্রিকেট লিগেও খেলার কথা লন্ডন অলিম্পিকে দুই রুপা ও এক সোনাজয়ী স্প্রিন্টারের। দুই গতিদানবের হঠাৎ বিগ ব্যাশে খেলতে চাওয়ার রহস্যও উদ্ঘাটিত হলো পরশু। শুধু অনুশীলনসঙ্গী নন, দুজন খুব ভালো বন্ধুও। জানা গেল, দুজন যুক্তি করেই নাকি ক্রিকেটে আসার পরিকল্পনা নিয়েছেন, ‘উসাইন ও আমি ভাবলাম, চলো, অস্ট্রেলিয়ায় গিয়ে ক্রিকেট খেলা যাক। গিয়ে দেখি বিগ ব্যাশ ক্রিকেটটা কেমন, কেমন খেলা হয় ওখানে!’ সিপ্রন্টের বাইরে বোল্টের ভালোবাসা যেমন ভাগ হয়ে যায় ক্রিকেট আর ফুটবলে, ব্লেকের ক্ষেত্রে তা নয়। ক্রিকেটের উত্তেজনা-রোমাঞ্চটা বিখ্যাত বন্ধুর চেয়ে তাঁকে বেশি ঘিরে রাখে। সুযোগ পেলেই জানিয়ে দেন কত ভালো ব্যাটসম্যান তিনি। শৈশবে নাকি ব্রেট লিকে একহাত নেওয়ার স্বপ্নও দেখতেন, ‘মনে আছে বেড়ে ওঠার দিনগুলোয় আমি ব্রেট লির বিপক্ষে ব্যাট করতে চাইতাম। সবাই বলত লি খুব জোরে বল করে। আমার মনে হতো, পরখ করে দেখি আসলে ও কেমন!’স্প্রিন্টের জন্য যে খাটুনিটা খাটতে হয়, এটার পর ক্রিকেট অনুশীলনকে খুব একটা সমস্যাই মনে হয় না ব্লেকের কাছে। শুধু তা-ই নয়, যত তাড়াতাড়ি পারা যায় ট্র্যাক ছেড়ে ক্রিকেটার হওয়ার স্বপ্নও দেখছেন ‘দ্য বিস্ট’, ‘ট্র্যাক ও ফিল্ডের জন্য যে পরিশ্রম করতে হয়, আমি জানি ক্রিকেট ট্রেনিং অতটা কঠিন নয়। যত দ্রুত পারা যায় অ্যাথলেটিকস ছেড়ে আমি ক্রিকেট শুরু করতে চাই। হয়তো ৩০, ২৯ বা ২৮ বছর বয়সে!’সত্যিই ক্রিকেটার হতে পারবেন কি না, সেটা সময়ই বলবে। তবে বিগ ব্যাশে খেলাটা তাঁরও হয়ে যেতে পারে। ব্লেকের ম্যানেজার কুবি সিগোবিন জানিয়েছেন, বেশ কয়েকটি বিগ ব্যাশ দল যোগাযোগ করেছে ইতিমধ্যে। ব্রেট লিকে খেলার ইচ্ছাটা তাই পূরণ হয়েও যেতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও লি বিগ ব্যাশে খেলে যাবেন। ব্লেক বনাম লি লড়াইয়ের জন্য অপেক্ষা করতেই পারেন!