২২ গজে ২২ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৪৭ সালের ১৫ নভেম্বর। সিডনিতে ভারতের বিপক্ষে চার দিনের ম্যাচে ১৭২ রান করলেন ডন ব্র্যাডম্যান। প্রথম শ্রেণীর ক্রিকেটে ডনের শততম সেঞ্চুরি। ৪২ বছর পর ঠিক ওই দিনটিতেই করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের টেস্ট ক্যাপ পেলেন ১৬ বছরের এক বালক।সেদিন এই দুটি ঘটনার যোগসূত্র খোঁজেনি কেউ। খোঁজার কথাও নয়। তখন তো আর কেউ জানত না, একদিন ব্র্যাডম্যানের পাশাপাশিই উচ্চারিত হবে সেদিনের সেই বালকের নাম। ক্রিকেট-বিধাতাই যেন ঠিক করে দিয়েছিলেন, স্যার ডনের শততম সেঞ্চুরির দিনটাতে অভিষেক হবে আধুনিক ডনের! সেই অভিষেকের ২২তম বার্ষিকী আজ।ওই একই ম্যাচে অভিষেক হয়েছিল আধুনিক ক্রিকেটের আরেক গ্রেটের। টিভিতে ভারত ও পাকিস্তানের ঘরোয়া চ্যাম্পিয়ন দুই দলের ম্যাচে এক তরুণ ফাস্ট বোলারকে গতির ঝড় তুলতে দেখে অসুস্থ ইমরান খানের মাঠে ছুটে যাওয়া আর কদিন পরই আন্তর্জাতিক ক্রিকেটে নামিয়ে দেওয়ার কাহিনি নিয়ে লেখা হয়েছে অনেক। ওই তরুণ বোলার, ওয়াকার ইউনুস গ্রেটনেসের ইঙ্গিত দিয়েছিলেন শুরুতেই। প্রথম ইনিংসে পেয়েছিলেন ৪ উইকেট। টেন্ডুলকারের ব্যাটে সেই ইঙ্গিত ছিল না, রান করেছিলেন মাত্র ১৫। কিন্তু এই বিস্ময়বালক যে ক্রিকেটে থাকতেই এসেছে, সেটি বোঝা গিয়েছিল সেই সিরিজেই। শিয়ালকোটে সিরিজের শেষ টেস্টে ওয়াকারের বাউন্সারে নাক ফেটে যাওয়ার পরও রক্ত মুছে পরের বলেই মেরেছিলেন বাউন্ডারি।ওয়াকার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আট বছর আগে। ওয়াকার না হয় ফাস্ট বোলার ছিলেন, তাঁর ক্যারিয়ার বেশি লম্বা না হওয়াই স্বাভাবিক। তবে ১৯৮৯ সালের ১৫ নভেম্বরের পর আরও কত ক্রিকেটারই এলেন-গেলেন। শচীন টেন্ডুলকার এখনো খেলে যাচ্ছেন। বিস্ময়ের পর বিস্ময় উপহার দিয়েছেন, বেশির ভাগ ব্যাটিং রেকর্ডের চূড়ায় তাঁর সংহত অবস্থান। খ্যাতির চূড়ায় নিঃসঙ্গ তো অনেক আগে থেকেই, কিন্তু তাঁর সাফল্যতৃষ্ণা এখনো সেই আগের মতোই তীব্র। কখন থামবেন, কোথায় গিয়ে থামবেন—এই ভবিষ্যদ্বাণী করার ঝুঁকি কে নেবে!ব্র্যাডম্যানের সঙ্গে মিলের জায়গাটিতে ক্রিকেট রোমান্টিকদের রোমাঞ্চিত করার আরেকটা সুযোগ এসে গিয়েছিল। কলকাতা টেস্টের শুরুর দিনটা মিলে গেছে বিশ্ব শিশু দিবসের সঙ্গে। এই উপলক্ষে কাল ইডেন গার্ডেনে আসা স্কুলের ছেলেমেয়ের একটি করে টি-শার্ট ধরিয়ে দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশেন অব বেঙ্গল। বুকে টেন্ডুলকারের ছবি, নিচে লেখা ‘লেটস প্রে ফর হান্ড্রেডথ হান্ড্রেড।’ টেন্ডুলকার খেলছিলেনও দারুণ। কিন্তু ৩৮ রান করার পর দেবেন্দ্র বিশুর শর্ট পিচ বলটাতে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দিলেন মিড উইকেটে। না হলে কালই শততম আন্তর্জাতিক সেঞ্চুরি হয়ে যেতে পারত। দ্বিতীয় দিনে হলে তো আরও দারুণ হতো। স্যার ডনের শততম প্রথম শ্রেণীর সেঞ্চুরির দিনটায় শততম আন্তর্জাতিক সেঞ্চুরি হতো আধুনিক ডনের। মাঝেমধ্যে ক্রিকেট-বিধাতা বড্ড বেরসিকের মতো কাণ্ড করেন!