২২ গজে ২৪ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ের রাগিণীর মাঝে হঠাৎ রাগভৈরবী বেজে উঠলে ভ্রু কুঁচকে তাকানো স্বাভাবিক। তবে উপলক্ষের বিশালত্বই এমন যে, বেমানান নয় আসলে কোনো কিছুই। অপ্রাসঙ্গিক তো নয়ই। বিশেষ করে যখন বিদায়ের ক্ষণের সঙ্গে মিলে যাচ্ছে শুরুর দিন!
মুম্বাইয়ে চলছে তাঁর বিদায়ী টেস্ট। ভারতজুড়ে আবেগের বন্যা, কুর্নিশ জানাচ্ছে ক্রিকেট-বিশ্ব। ২২ গজে তাঁর অসংখ্য কীর্তির মতো বিদায় আয়োজনটাও ক্রিকেট ইতিহাসে নিশ্চিত একটা ‘রেকর্ড’। শেষের ক্ষণগণনার মাঝেই চলে এল শুরুর দিন। ছুঁয়ে ফেললেন আরেকটি মাইলফলক। আন্তর্জাতিক ক্রিকেটে আজ দুই যুগ পূর্ণ করলেন শচীন টেন্ডুলকার। ২৪ বছর!
তিনি এই পৃথিবীর আলো দেখার দিনটি থেকেই যা নিয়তিনির্ধারিত, প্রথমবার ব্যাট হাতে নেওয়ার পর থেকেই হাঁটছিলেন যে স্বপ্নের পথে, তাঁকে প্রথমবার ব্যাট করতে দেখেই ভবিষ্যতের যে ছবিটা দেখতে পেতেন সবাই, সেটারই বাস্তব রূপায়ণ হয়েছিল আজ থেকে ঠিক ২৪ বছর আগে, করাচিতে। ১৫ নভেম্বর, ১৯৮৯, টেস্ট ক্যাপ পেয়েছিলেন টেন্ডুলকার।
ভারতের ড্রেসিংরুমে যখন স্বপ্নপূরণের ক্যাপ মাথায় তুলছেন টেন্ডুলকার, পাশেই পাকিস্তানের ড্রেসিংরুমে তখন ঘোরলাগা চোখে সেই ক্যাপের দিকে তাকিয়ে আরেকজন। টিভিতে ভারত-পাকিস্তানের ঘরোয়া চ্যাম্পিয়ন দুই দলের ম্যাচে এক তরুণ ফাস্ট বোলারকে গতির ঝড় তুলতে দেখে অসুস্থ ইমরান খানের তখনই মাঠে ছুটে যাওয়া আর কদিন পরই আন্তর্জাতিক ক্রিকেটে নামিয়ে দেওয়ার কাহিনি স্থায়ী জায়গা পেয়ে গেছে ক্রিকেটের লোকগাথায়। সেই ফাস্ট বোলারও পরে হয়েছেন আধুনিক ক্রিকেটের আরেক গ্রেট। ১৬ বছর বয়সী টেন্ডুলকারের সঙ্গেই টেস্ট অভিষেক ১৮তম জন্মদিনের আগের দিনটির ওয়াকার ইউনিসের। একই সঙ্গে অভিষিক্ত জুটি ধরলে টেস্ট ইতিহাসের সফলতম জুটি বোধ হয় টেন্ডুলকার-ওয়াকারই। টেন্ডুলকারের প্রায় ১৬ হাজার রান, ৮৭ টেস্টে ওয়াকারের ৩৭৩ উইকেট!
ওয়াকারকে এখানে টেনে আনা শুধু একসঙ্গে অভিষেক বলেই নয়। টেন্ডুলকারের অভিষেকে যে ভীষণভাবে জড়িয়েও আছেন তিনি! অভিষেক ইনিংসেই ৪ উইকেট নিয়ে গ্রেটনেসের ইঙ্গিত দিয়েছিলেন। এর মধ্যে ছিল অভিষেক-সঙ্গী টেন্ডুলকারের উইকেটটিও। বোল্ড হওয়ার আগে ২ চারে টেন্ডুলকার করেছিলেন ১৫। অভিষেকটা ম্লান হলেও বিস্ময়বালক যে ক্রিকেটে থাকতেই এসেছেন, সেটাও বুঝিয়ে দিয়েছিলেন ওই সিরিজেই। তাতেও জড়িয়ে ওয়াকার। শিয়ালকোটে সিরিজের শেষ টেস্টে ওয়াকারের বাউন্সারে নাক ফাটার পর রক্ত মুছে পরের বলেই মেরেছিলেন বাউন্ডারি!
সেই ওয়াকার ক্রিকেট ছেড়েছেন ১০ বছরেরও বেশি। টেন্ডুলকারের পরে এসে আগে চলে গেলেন কতশত ক্রিকেটার! টেন্ডুলকার ঠিকই কাটিয়ে দিলেন দুটি যুগ। আধুনিক ক্রিকেটে যে নজির দ্বিতীয়টি নেই। সত্যি বলতে, টেন্ডুলকারের চেয়ে বেশি টানা খেলতে পারেননি আর কেউ। পরিসংখ্যানের বিচারে ক্যারিয়ার ব্যাপ্তিতে টেন্ডুলকারের ওপরে আছেন যে চারজন, কেউই টানা দলে থাকতে পারেননি। সবার ওপরে থাকা উইলফ্রেড রোডসের ক্যারিয়ার থমকে গিয়েছিল আসলে ১৯২১ সালেই। পরে ১৯২৬ সালে খেলেছেন একটি টেস্ট, আবার ১৯৩০ সালে চারটি। তাতেই ব্যাপ্তি ৩০ বছরের বেশি। ব্রায়ান ক্লোজের ক্যারিয়ারে যতি পড়ে গিয়েছিল ১৯৬৭ সালে, ৯ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন একটি সিরিজ। ফ্রাঙ্ক উলির ক্যারিয়ার কার্যত শেষ হয়েছিল ১৯৩২ সালেই। দুই বছর পর হুট করে খেলেছেন একটি টেস্ট। আর ‘ব্ল্যাক ব্র্যাডম্যান’ জর্জ হেডলির ক্যারিয়ারেরও কার্যত ইতি টেনে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের পর ১৯৪৮ সালে দুটি, পরে ১৯৫৪ সালে একটি টেস্ট খেলেন। টানা খেলায় তাই টেন্ডুলকারই অনন্য।
‘ব্ল্যাক ব্র্যাডম্যান’-এর প্রসঙ্গ যখন এল, আসতে পারে আসল ব্র্যাডম্যানের কথাও। আজকের দিনটির সঙ্গে দারুণ একটা যোগসূত্র আছে তাঁরও! টেন্ডুলকারের অভিষেকে ৪২ বছর আগে (১৯৪৭), এই ১৫ নভেম্বরেই স্যার ডন ব্র্যাডম্যান করেছিলেন নিজের প্রথম শ্রেণীর ক্রিকেটের শততম সেঞ্চুরি।
আজকের উপলক্ষটাও কি তাহলে ক্রিকেট-বিধাতার সযতন উপহার? দুই যুগের ডনকে আরেকটি জায়গায় এক বন্ধনীতে রাখার সুযোগ? ব্র্যাডম্যানের শততম সেঞ্চুরির দিনে টেন্ডুলকারের বিদায়ী সেঞ্চুরি!

টেস্ট ক্রিকেটে ২৪ বছর

শুরু শেষ ক্যারিয়ার টেস্ট
উইলফ্রেড রোডস (ইংল্যান্ড) ০১.০৬.১৮৯৯ ১২.০৪.১৯৩০ ৩০ বছর ৩১৫ দিন ৫৮
ব্রায়ান ক্লোজ (ইংল্যান্ড) ২৩.০৭.১৯৪৯ ১৩.০৭.১৯৭৬ ২৬ বছর ৩৫৬ দিন ২২
ফ্রাঙ্ক উলি (ইংল্যান্ড) ০৯.০৮.১৯০৯ ২২.০৮.১৩৯৪ ২৫ বছর ১৩ দিন ৬৪
জর্জ হেডলি (ওয়েস্ট ইন্ডিজ) ১১.০১.১৯৩০ ২১.০১.১৯৫৪ ২৪ বছর ১০ দিন ২২
শচীন টেন্ডুলকার (ভারত) ১৫.১১.১৯৮৯ — ২৪ বছর ০১ দিন ২০০