২২ জনই নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন, দুজনকে নয়। ম্যাচ পাতানোর অভিযোগে এল সালভেদর জাতীয় দলের ২২ জন খেলোয়াড়কেই সাময়িক নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন! এর মধ্যে সালভেদরের ঘরোয়া লিগে খেলা ১১ জনের আস্তানাতেই গত পরশু ঝটিকা হামলা চালায় পুলিশ। কম্পিউটার, মোবাইল ফোনসহ খেলোয়াড়দের ব্যবহূত নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সাম্প্রতিক কোনো ম্যাচ অবশ্য নয়। সন্দেহের তালিকায় ২০১০, ২০১১ ও ২০১২ সালে খেলা সালভেদরের চারটি ম্যাচ। চার ম্যাচেই সালভেদর হেরেছিল দৃষ্টিকটুভাবে। দেশটির সরকারি আইনজীবী লুইস মার্টিনেজ বলেছেন, শুধু খেলোয়াড়েরাই নন, টিম ম্যানেজমেন্টসহ উচ্চপর্যায়ের কিছু ব্যক্তিরও ঘটনার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা আছে। তবে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন মার্টিনেজ। অভিযুক্তরা মানি লন্ডারিংসহ কমপক্ষে তিন ধরনের অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি কার্লোস মেন্ডেজ ক্যাবেজাস বলেছেন, ‘এটা শাস্তি নয়। এটা সাময়িক, সতর্কতামূলক ব্যবস্থা।’ তদন্ত বা অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত কোনো ম্যাচ খেলবে না মধ্য আমেরিকার ছোট এই দেশ। ওয়েবসাইট।