২২ জনের দলেও নেই আশরাফুল
গত বছর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ভালো খেলেও বিতর্কিতভাবে বাদ পড়েছিলেন অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের টেস্ট সিরিজের দল থেকে। ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ফিরলেও দুই ইনিংসে ১ ও ০ ঢাকায় দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকেই ছিটকে দেয় তাঁকে। মোহাম্মদ আশরাফুলের জন্য এবারের জাতীয় লিগ ছিল তাই ফেরার লড়াই। কিন্তু দুই ম্যাচের তিন ইনিংসে করতে পেরেছেন ১৯, ৯ ও ১৮ রান। তার পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ২২ জনের প্রাথমিক দলেও তাঁর জায়গা না পাওয়াটা একটু বিস্ময়করই বলতে হবে।একটি মাত্র টেস্টের জন্য এত বড় প্রাথমিক দল থেকে নির্বাচকদের দ্বিধাদ্বন্দ্বটা পরিষ্কার। সেটি দূর করতে তাঁরা তাকিয়ে আছেন আগামী পরশু শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দিকে। যেটিকে প্রকারান্তরে ‘ট্রায়াল ম্যাচ’-ই বলছেন প্রধান নির্বাচক আকরাম খান, ‘তিন দিনের প্রস্তুতি ম্যাচটা ব্যাটিং-অর্ডারের কিছু জায়গার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। তিন দিনের ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’ প্রশ্নটা এখানেই, আশরাফুলও কি এ সুযোগটা পেতে পারতেন না? প্রাথমিক দলটা পুরো সিরিজের জন্য কেন নয়—এ প্রশ্নের উত্তরে আকরাম বললেন, ‘জাতীয় লিগে কেউ অসাধারণ কিছু করে ফেললে পরের টেস্টে তাঁরও সুযোগ হতে পারে।’ তার মানে আকরাম খানের নির্বাচক কমিটি টেস্ট দলের দরজাটা সবার জন্যই উন্মুক্ত রাখতে চাচ্ছে। প্রাথমিক দলও বুঝিয়ে দিচ্ছে তা। টেস্ট খেলেননি এমন ছয়জন আছেন সেখানে, যাঁদের মধ্যে পাঁচজন এখনো ওয়ানডে বা টি-টোয়েন্টিও খেলেননি। এক তাসকিন আহমেদ ছাড়া অন্য সবারই টেস্ট দলে আসার সুযোগ আছে বলে জানিয়েছে সূত্র।তিন দিনের ম্যাচের জন্য ঘোষিত ১২ জনের দলের সবাই আছেন টেস্টের প্রাথমিক দলে। জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও সহ-অধিনায়ক মাহমুদউল্লাহও খেলছেন এই ম্যাচে। ম্যাচ অনুশীলনের জন্য নিজেই ম্যাচটা খেলতে চেয়েছেন মুশফিক। বিসিবি একাদশের বাইরের ১০ খেলোয়াড়কে নিয়ে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ শেন জার্গেনসেন মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করবেন ৮ নভেম্বর থেকে।প্রাথমিক দলে সাকিব আল হাসান, ইলিয়াস সানি ছাড়াও বাঁহাতি স্পিনার হিসেবে আছেন এনামুল জুনিয়র। ‘এ’ দল এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করেই এনামুল আবার কড়া নাড়ছেন জাতীয় দলের। তবে নেই আবদুর রাজ্জাক। প্রধান নির্বাচকের কণ্ঠে সহমর্মিতা তাঁর জন্য, ‘আসলে এ জায়গাটায় অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা। সাকিব-সানির সঙ্গে এনামুলও এসে গেছে এখন সামনে। আমার তো সাকলাইন সজীব, মোশাররফদের জন্যও খারাপ লাগছে। ওরাও ভালো বল করছে।’ আর আশরাফুলের বাদ পড়ার কারণ আশাভঙ্গের বেদনা, ‘আশরাফুল আশানুরূপ পারফর্ম করতে পারছে না। ওয়ানডে, টি-টোয়েন্টি, জাতীয় লিগ—সব মিলিয়েই তাঁর পারফরম্যান্স সন্তোষজনক নয়।’২২ জনের দলে উপস্থিতি টেস্ট দলে রুবেল হোসেনের ফিরে আসার বার্তাও শোনাচ্ছে। গত বছর পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে কাঁধে চোট পাওয়ার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন বাংলাদেশের দ্রুততম বোলার। পিঠে সামান্য ব্যথা অনুভব করায় খুলনায় জাতীয় লিগের ম্যাচের দ্বিতীয় ইনিংসে বল না করলেও রুবেলের ফিটনেস নিয়ে সন্তুষ্ট প্রধান নির্বাচক, ‘খুলনায় কোচ শেন জার্গেনসেন এবং ফিজিও বিভব সিং ছিলেন। রুবেলের ব্যাপারে ইতিবাচক মত দিয়েছেন তাঁরা।’ প্রথম টেস্টে খেলার সম্ভাবনা থেকেই তিন দিনের ম্যাচের দলে রাখা হয়নি রুবেলকে। ‘আমরা চাইনি প্রতিষ্ঠিত বোলারদের আগেই দেখে ফেলুক ওয়েস্ট ইন্ডিজ। তা ছাড়া ও (রুবেল) তো জাতীয় লিগে দুটি ম্যাচ খেলেছেই’—বলেছেন আকরাম।১ম টেস্টের প্রাথমিক দলমুশফিকুর রহিম (অধিনায়ক), শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, এনামুল হক (বিজয়), মমিনুল হক, মাহমুদউল্লাহ, নাজিমউদ্দিন, তাসকিন আহমেদ, এনামুল হক জুনিয়র, শফিউল ইসলাম, আল আমিন, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাঈম ইসলাম, নাসির হোসেন, রুবেল হোসেন, ইলিয়াস সানি, সোহাগ গাজী, নাজমুল হোসেন, শাহাদাত হোসেন ও আবুল হাসান।২২ জনের প্রাথমিক তালিকার প্রথম ১২ জনকে নিয়ে গঠিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ দল।