২২ বছরের পথচলা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে তখন কোলাহল। ২৯তম জাতীয় সিনিয়র ও তৃতীয় জাতীয় কুস্তির পুরস্কার দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গলায় পদক ঝুলিয়ে ছবি তোলায় ব্যস্ত বিজয়ীরা। আজ শুধু আনন্দের দিন!আনন্দটা একটু বেশিই ছিল নুরুন্নাহার, মমতাজ পুষ্প আর মিনা বেগমের। প্রথম দুজন জাতীয় মহিলা কুস্তিতে নিজ নিজ বিভাগে তিনবারই চ্যাম্পিয়ন। শেষেরজন আগের দুবার চ্যাম্পিয়ন হলেও এবার রানারআপ। তাঁদেরই আরেক সঙ্গী ডালিয়া বেগম কাল শেষ হওয়া প্রতিযোগিতায় খেলতে পারলেন না। আগের দুবার নিজ বিভাগে তিনিই ছিলেন চ্যাম্পিয়ন।চারজনই ২০ বছর ধরে নিজ নিজ বিভাগে জাতীয় জুডো চ্যাম্পিয়ন। তিন বছর আগে জাতীয় কুস্তি শুরু হওয়ার পর এই খেলায়ও তাঁরাই সেরা। এবার পুরুষ বিভাগ মাত্র দুটি সোনা জিতলেও নুরুন্নাহারদের নৈপুণ্যে মেয়েদের বিভাগে ৯ সোনার ৭টিই জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার (পুরুষ বিভাগে চার সোনা পেয়ে রানার্সআপ বাংলাদেশ রাইফেলস)।চারজনের মধ্যে সবচেয়ে বড় মিল—২২ বছর ধরে আছেন একসঙ্গে! ১৯৮৮ সালে চার কিশোরী এসেছিল সফিপুরে বাংলাদেশ আনসার একাডেমিতে অ্যাথলেটিকসে ভর্তি হওয়ার পরীক্ষা দিতে। নুরুন্নাহার বান্দরবান, মিনা পাবনা, মমতাজ ঝিনাইদহ আর ডালিয়া যশোর থেকে। কিন্তু তাদের ভর্তি করা হলো জুডোতে।নুরুন্নাহার স্মৃতিতে ভাসালেন সেই প্রথম দিনটি, ‘১৯৮৮ সাল। আমরা অনেক ছোট। কেউ কাউকে চিনি না। আস্তে আস্তে পরিচয় হলো। একসঙ্গে আনসার একাডেমিতে থাকতে শুরু করলাম। ২২ বছর ধরে ওখানেই একসঙ্গে আছি।’’৮৮ সালের ২৫ ডিসেম্বর অস্থায়ী চাকরি হয়েছিল চার বান্ধবীর। আজও তা স্থায়ী হয়নি। থাকা-খাওয়া-রেশন পান। যে মাসিক বেতন পেয়ে আসছেন, সেটা এই দুর্মূল্যের বাজারে কিছুই নয়। তবু আনসারের কাছে তাঁরা কৃতজ্ঞ। ‘চাকরিটা স্থায়ী হলে মানসিকভাবে একটু শান্তি পেতাম’—মিনার কণ্ঠে খানিক আক্ষেপও আছে।