২২ বিদেশিকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএল ফিক্সিংয়ের তদন্ত নিয়ে বেশ আটঘাট বেঁধেই নেমেছে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু)। বাংলাদেশে কয়েক দফায় এসে তো তদন্ত করে গেছেই। ইংলিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-এর খবর, আকসু জিজ্ঞাসাবাদ করেছে বিপিএলে খেলে যাওয়া ২২ বিদেশি ক্রিকেটারকেও। এর মধ্যে ১৪ জনই ইংল্যান্ডের, দুজন অস্ট্রেলিয়ার, দুজন আয়ারল্যান্ডের আর দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, হল্যান্ডের একজন করে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিপিএলে ম্যাচ পরিচালনা করা দুই ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, জেরেমি লয়েড এবং ঢাকা গ্ল্যাডিয়েটরসের কোচ ইয়ান পন্টকেও।

ওই ২২ ক্রিকেটারই এখন কাউন্টি খেলছেন বিভিন্ন দলের হয়ে। জিজ্ঞাসাবাদে আকসুকে সহায়তা করেছেন ইসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান ক্রিস ওয়াটস। দ্য টেলিগ্রাফ-এর দাবি, ফিক্সিংয়ে সম্পৃক্ততার অভিযোগে নয়, ওই ক্রিকেটার-আম্পায়ারদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তদন্ত কাজে তথ্য সংগ্রহের জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার টেলিগ্রাফকে বলেছেন, ‘আকসু আমাদের সঙ্গে কথা বলেছে, আমি তাদের সঙ্গে গোটা দুই বিষয়ে কথা বলেছি, যা আমার সন্দেহজনক মনে হয়েছে। বিপিএলে আকসু সক্রিয় ছিল, টুর্নামেন্ট এগিয়ে চলার সঙ্গে ডেসিংরুমে প্রবেশে কড়াকড়ি বাড়তে থাকে। তারা তাদের সাধ্যমতো করার চেষ্টা করেছে, কিন্তু ক্রিকেটারদের সঙ্গে বুকিদের যোগাযোগের নানা কথা শোনা যাচ্ছিল।’ ওয়েবসাইট।

ঢাকা গ্ল্যাডিয়েটরসের ম্যাচ পাতানোয় কোচ পন্টেরও সম্পৃক্ততার গুঞ্জন আছে। তবে টেলিগ্রাফ-এর দাবি, পন্টকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে আকসু।

যাঁদের জিজ্ঞাসাবাদ করেছে আকসু

ঢাকা গ্ল্যাডিয়েটরস: জোশুয়া কব, ওয়াইস শাহ, ড্যারেন স্টিভেন্স, ক্রিস লিডল, লুক রাইট, আলফনসো টমাস।

খুলনা রয়েল বেঙ্গলস: রিকি ওয়েসেলস।

বরিশাল বার্নার্স: ফিল মাস্টার্ড, কবির আলী, জো ডেনলি, আজহার মেহমুদ।

সিলেট রয়্যালস: পল স্টার্লিং, শিবনারায়ণ চন্দরপল।

চিটাগং কিংস: জেসন রয়, রবি বোপারা, রায়ান টেন ডেসকাট, শন টেইট।

দুরন্ত রাজশাহী: মঈন আলী, শন আরভিন, সাইমন ক্যাটিচ।

রংপুর রাইডার্স: নিয়াল ও’ব্রায়েন, দিমিত্রি মাসকারেনহাস।