২২ মাস পর মাঠে ফিরছে হকি
‘এই মাঠে টার্ফ বসানোর পর কোনো টুর্নামেন্টে খেলতে পারিনি। নতুন টার্ফ বসেছে কিন্তু আমরা খেলতে পারতাম না, ভাবলেই আফসোস হতো’—মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে দাঁড়িয়ে কাল বলছিলেন জাতীয় দলের ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন। তবে চয়নদের সেই আফসোস মিটতে যাচ্ছে। ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিজয় দিবস হকিতে বিভিন্ন সার্ভিসেস দল ও ক্লাবের হয়ে খেলবেন জাতীয় দলের খেলোয়াড়েরা।
গত জানুয়ারিতে হকিতে বসেছে নতুন অ্যাস্ট্রো টার্ফ। তবে তারও আগে থেকে দলবদলসহ ক্লাবগুলোর বিভিন্ন দাবি-দাওয়া ও খেলোয়াড়দের বিদ্রোহের কারণে ঘরোয়া হকি প্রায় স্থবিরই ছিল। সর্বশেষ লিগ হয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এর পর থেকে বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের খেলোয়াড়েরা আর মাঠে নামেননি। অবশেষে বিজয় দিবস হকি দিয়ে খেলায় ফিরতে পারছেন ভেবে উচ্ছ্বসিত খেলোয়াড়েরা।
এবারের বিজয় দিবস হকিতে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিমানবাহিনী, বিকেএসপি, রক্তিম সংঘ ও নারায়ণগঞ্জ জেলা। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ফু-ওয়াং পলিমার। দুই গ্রুপের সেরা চারটি দলের সেমিফাইনালের পর ফাইনাল ২৪ ডিসেম্বর।
এই টুর্নামেন্টের জন্য এসএ গেমসের জাতীয় দলের আবাসিক ক্যাম্প ২৪ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছেন কোচ মাহবুব হারুন। তবে ক্যাম্পে থাকা ২৭ জন খেলোয়াড় চাইলে ঐচ্ছিক অনুশীলন করতে পারবেন। আবারও ঘরোয়া হকিতে প্রাণচাঞ্চল্য ফিরছে দেখে খুশি হারুন, ‘ঘরোয়া হকি ছাড়া কখনোই আমাদের খেলার উন্নতি হবে না। এটা খেলোয়াড়দের খুব কাজে লাগবে। কারণ গত দেড় মাস কঠিন অনুশীলন করিয়েছি ছেলেদের। এই টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স দেখে বুঝতে পারব ওরা কতটুকু উন্নতি করেছে।’ এসএ গেমসের জন্য ১৮ জনের দল চূড়ান্ত করার আগে অন্তত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান কোচ।