২২৬ রানের মধ্যে আটকাতে হবে ক্যারিবীয়দের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম ইকবাল ও এনামুল হকের উদ্বোধনী জুটিতে সুন্দর সূচনা। এর পর হঠাত্ ছন্দপতন। মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাঁচ বল বাকি থাকতে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। আজই সিরিজ নিশ্চিত করতে হলে ক্যারিবীয়দের ২২৬ রানের মধ্যে আটকাতে হবে। দিবা-রাত্রির এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালোই হয়েছিল। ৫৭ রানে প্রথম উইকেটের পতনের ঘটে। এক পর্যায়ে ৭৮ রানের মধ্যে চারটি উইকেট হারায় বাংলাদেশ। এই অবস্থা থেকে বেরিয়ে বাংলাদেশের ২২৭ রান সমর্থকদের জন্য স্বস্তিরই বলতে হয়।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সংগ্রহ মাহমুদউল্লাহর (৫২)। মুশফিকুর রহিম করেন ৩৮ রান। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হকের সংগ্রহ যথাক্রমে ২২ ও ৩৩ রান। শেষের দিকে দ্রুত দলকে ৩০ রান এনে দেন সোহাগ গাজী।ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল সুনীল নারাইন। তাঁর ঝুলিতে গেছে চারটি উইকেট। ড্যারেন স্যামি ও ভিরাসামি পেরমল নেন দুটি করে উইকেট।পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত ২-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। মিরপুরে আজ জিতলেই সিরিজ ঘরে উঠবে মুশফিকুর রহিমদের। অন্যদিকে, সিরিজে নিজেদের টিকিয়ে রাখার চ্যালেঞ্জ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের।ইনজুরির কারণে এ ম্যাচে আবুল হাসান খেলছেন না। তাঁর বদলে জিয়াউর রহমানের কথা থাকলেও শেষ মুহূর্তে নির্বাচকেরা দলে এনেছেন পেসার রুবেল হোসেনকে। ওয়েস্ট ইন্ডিজও দলে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ল্যান্ডল সিমন্সের বদলে খেলছেন টেস্ট সিরিজে অসাধারণ ব্যাট করা কাইরন পাওয়েল। আন্দ্রে রাসেলের জায়গায় ওয়ানডে অভিষেক হয়েছে ভিরাসামি পেরমলের।