২২৯ রানের হার বাংলাদেশের
চতুর্থ দিনের শুরুতেই তামিম সাজঘরে ফেরার পর পঞ্চম উইকেটে ৮৮ রানের জুটি গড়ে বাংলাদেশ শিবিরে আশার সঞ্চার করেছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। কিন্তু মধ্যাহ্নবিরতির আগেই সমর্থকদের হতাশায় ডুবিয়ে ফিরে গেছেন দুজনই। এরপর আর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি বাংলাদেশী ব্যাটসম্যানরা। পরবর্তী ১০ ওভারের মধ্যেই একে একে ফিরে গেছেন নাসির হোসেন, সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম ও রুবেল হোসেন। কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। ৫০৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশি ইনিংস গুটিয়ে গেছে ২৭৮ রানে। ফলে ২২৯ রানের হার মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের। ৮২ রান সংগ্রহ করে গতকাল চতুর্থ দিন শেষ করেছিলেন তামিম। আশা জাগিয়েছিলেন ক্যারিয়ারের ৫ম টেস্ট শতকটি পূর্ণ করার। কিন্তু আজ ৫ম দিন শুরুর তৃতীয় ওভারেই বিশুর শিকারে পরিণত হয়েছেন এই বাঁ-হাতি ওপেনার। আগের দিন সঙ্গে মাত্র ১টি রানই যোগ করতে পেরেছেন তিনি।