সেরেনার ইতিহাস


লাফ দিয়ে আকাশ ছোঁয়ার চেষ্টা নেই। নেই বিজয়ীর হুংকার। চ্যাম্পিয়নশিপ পয়েন্টটি পেয়ে নিঃশব্দে নিজেকে কোর্টে এলিয়ে দিলেন সেরেনা উইলিয়ামস। যখন উঠে দাঁড়ালেন, বড় বোন ভেনাস ধীর পদক্ষেপে তাঁর কাছে গেলেন। ফাইনালে হেরে যাওয়ার কোনো হতাশা নেই চোখেমুখে। ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে ছোট বোনকে আলিঙ্গনে বেঁধে জানালেন অভিনন্দন। দুটি আঙুল উঁচিয়ে ধরলেন সেরেনা। এরপর তিনটি। ২৩টি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়কে বোঝালেন। ইতিহাস গড়া ২৩-কে। টেনিসের উন্মুক্ত যুগে যুক্তরাষ্ট্রের এই তারকার চেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা জেতেনি আর কেউ।
দর্শকসারিতে থাকলে ছোট বোনের প্রতিটি গেম জেতায় হাততালি দিয়ে উৎসাহ দিতেন। চিৎকার করে বলতেন—এগিয়ে যাও! মনেপ্রাণে প্রার্থনা করতেন ছোট বোনটি যেন জিততে পারে, নাম লেখাতে পারে ইতিহাসের পাতায়। কিন্তু ভেনাস ছিলেন কোর্টে। জিতলে ইতিহাসে নাম লেখাতেন তিনিও। হয়ে যেতেন উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী গ্র্যান্ড স্লামজয়ী নারী। এরপরও কি মনে মনে চাইছিলেন ছোট বোনই জিতুক! ২২টি গ্র্যান্ড স্লাম জেতা জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফকে ছাড়িয়ে রেকর্ডটি শুধুই নিজের করে নিক।
ম্যাচের শুরুটাও হলো একটু অন্য রকম। ভেনাসের সার্ভিস ভেঙেই ম্যাচের প্রথম পয়েন্টটি পান সেরেনা। এরপর সেরেনার সার্ভিস ভেঙে সমতায় ফেরেন বড় বোন। একটা সময় প্রথম সেটের স্কোরলাইন দাঁড়াল ৩-৩। ম্যাচটিতে দুই বোন যেভাবে গলা ধরাধরি করে এগোচ্ছিলেন, তাতে অনেকেই হয়তো ‘পারিবারিক ফাইনাল’-এর গন্ধটা আরও বেশি করে পাচ্ছিলেন! কিন্তু ওই পর্যন্তই। এরপরই দেখা দিলেন অদম্য সেরেনা। ভেনাসকে আর কোনো সুযোগ না দিয়ে প্রথম সেটটি জেতেন ৬-৪ গেমে। অস্ট্রেলিয়ান ওপেনে নিজের সপ্তম শিরোপা জিততে দ্বিতীয় সেটেও ভেনাসকে উড়িয়ে দেন একই ব্যবধানে।
ম্যাচের আগে দুই বোনই বলেছেন, উইলিয়ামসদের ফাইনালে হার নেই কারোরই! শিরোপা তো উইলিয়ামস পরিবারেই যাবে। ম্যাচ শেষে ভেনাসের ‘বিজয়ীর’ হাসিও বলছিল ভেনাসও হারেননি, জেতেননি সেরেনাও; জিতেছে আসলে উইলিয়ামস পরিবার! ভেনাসের কথাগুলো ছিল আরও অসাধারণ। হারজিতের সীমানা ছাড়িয়ে যে কথায় মিশে ছিল বোনের প্রতি পরম মমতা, ‘সেরেনা উইলিয়ামস আমার ছোট বোন। সেরেনাকে ২৩তম শিরোপা জয়ের অভিনন্দন। আমিও তোমার সঙ্গে ছিলাম। কয়েকটিতে আমি তোমার কাছে হেরেছিও। তুমি জানো, তোমার জয় সব সময়ই আমারও জয়।’
বড় বোনের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই সেরেনারও। জীবনের অসাধারণ এই অর্জনের দিনে জানিয়ে দিলেন বোনের সাহচর্যেই এত দূর আসতে পেরেছেন, ‘সে অসাধারণ একজন। তাকে ছাড়া আমি ২৩টি শিরোপা জিততেই পারতাম না। তার জন্যই উইলিয়ামস বোনদের অস্তিত্ব আছে। আমার পক্ষে যতটা সম্ভব ততটা সেরা হতে অনুপ্রাণিত করার জন্য তোমাকে ধন্যবাদ।’ সূত্র: সনি সিক্স, এএফপি, রয়টার্স।
অস্ট্রেলিয়ান ওপেন
৭
২০০৩, ২০০৫, ২০০৭, ২০০৯, ২০১০, ২০১৫, ২০১৭
ফ্রেঞ্চ ওপেন
৩
২০০২, ২০১৩, ২০১৫
উইম্বলডন
৭
২০০২, ২০০৩, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৫, ২০১৬
ইউএস ওপেন
৬
১৯৯৯, ২০০২, ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৪