শেষ মুহূর্তের হতাশা জিম্বাবুয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের আরও একটি উইকেটের পতন। সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন ব্রায়ান ভিট্টরি।
পাকিস্তানের আরও একটি উইকেটের পতন। সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন ব্রায়ান ভিট্টরি।

পুরো দিনটাই দারুণ কাটিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৩০ রানে গুটিয়ে দিয়ে পেয়েছে ৬৪ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটাও হয়েছিল ভালোভাবেই। মাত্র ১ উইকেট হারিয়েই স্কোরবোর্ডে জমা হয়েছিল ১১৬ রান। কিন্তু শেষ মুহূর্তের তিনটি ওভারের জন্যই আক্ষেপ করতে হচ্ছে স্বাগতিকদের। টানা তিন ওভারে সাজঘরে ফিরতে হয়েছে টিনো মায়োয়ো (৫৮), হ্যামিল্টন মাসাকাদজা (৪৪) ও টিনাশে পানিয়াঙ্গাকারাকে (০)। তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ১২১ রান। এখন জিম্বাবুয়ে এগিয়ে আছে ১৮৫ রানে।
৬৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য প্রসপার উতসেয়ার উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়ে প্রাথমিক এই ধাক্কাটা অবশ্য টেরই পেতে দেননি মায়োয়ো আর মাসাকাদজা। আর মাত্র তিনটি ওভার উইকেটে থাকতে পারলেই দিনটা পার করে দিতে পারতেন। কিন্তু একেবারে শেষ ভাগে এই দুজনকে সাজঘরে ফিরিয়ে লড়াইয়ে ফেরারই ইঙ্গিত দিয়েছে পাকিস্তান।

এর আগে আজ তৃতীয় দিনের প্রথমভাগটা ছিল জিম্বাবুয়ের তরুণ পেসার ব্রায়ান ভিট্টরির। তাঁর দুর্দান্ত বোলিংয়ের মুখে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। ৩ উইকেটে ১৬৩ রান নিয়ে দিন শুরু করে মাত্র ২৩০ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। ক্যারিয়ারসেরা পারফরম্যান্সে মাত্র ৬১ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নিয়েছেন ভেট্টরি।

আজ তৃতীয় দিনের ১৩তম ওভারে যখন অধিনায়ক মিসবাহ-উল-হক আউট হন, তখন পাকিস্তানের সংগ্রহ ছিল ১৮২ রান। এরপর বাকি ছয়জন ব্যাটসম্যান স্কোরবোর্ডে যোগ করতে পেরেছেন মাত্র ৪৮ রান। গত ম্যাচে দ্বিশতক হাঁকানো ইউনুস খানের ব্যাটই ছিল পাকিস্তানের শেষ প্রতিরোধ। অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৭৭ রানের মাথায় আউট হওয়ার পর প্রায় তাসের ঘরের মতোই ভেঙে পড়েছে পাকিস্তানের ইনিংস। মাত্র ১৮ রান তুলতেই একে একে সাজঘরে ফিরেছেন আবদুর রেহমান, আদনান আকমল, সাঈদ আজমল ও জুনায়েদ খান।