২৩১ রানে জিতল দক্ষিণ আফ্রিকা
ইংল্যান্ডের বিপক্ষে ডাচ ব্যাটসম্যানদের ব্যাটে যে ঝলক দেখা গিয়েছিল তা গত দুই ম্যাচেই অনুপস্থিত। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই যেন প্রতিভার পুরোটা ঢেলে দিয়েছেন হল্যান্ডের খেলোয়াড়েরা। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৫ রানে হারার পর আজ মোহালিতে দক্ষিণ আফ্রিকার কাছে দলটি হেরে গেছে ২৩১ রানের বিশাল ব্যবধানে।টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল হল্যান্ড। স্কোর বোর্ডে ৫৮ রান উঠতেই অধিনায়ক গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিস আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে যায় প্রোটিয়ারা। কিন্তু, বিশ্বকাপে হাশিম আমলার প্রথম ও এবি ডি ভিলিয়ার্সের দ্বিতীয় শতকে দক্ষিণ আফ্রিকা খুব চমত্কারভাবেই প্রাথমিক বিপর্যয় সামাল দেয়। আমলা ১১৩ রান করেন। ভারতীয় উপমহাদেশের মাঠকে আবারও নিজের জন্য পয়া প্রমাণ করেন ভিলিয়ার্স ১৩৪ রানের এক দুর্দমনীয় ইনিংস খেলে। এই দুই ব্যাটসম্যানের তৈরি প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে শেষদিকে জেপি ডুমিনি ১৮ বলে ৪০ রানের এক ঝোড়ো ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার ইনিংস নিয়ে যান ৩৫১-তে। হল্যান্ডের সেরা খেলোয়াড় রায়ান টেন ডেসকেট আজ বল হাতে ছিলেন মোটামুটি সফল। ৭২ রানে ৩টি উইকেট দখল করেন তিনি। উইকেট না পেলেও দক্ষিণ আফ্রিকার রান উত্সবের মধ্যেও দারুণ বল করেছেন মুদাসসর বুখারি। ১০ ওভার বল করে মাত্র ৪৪ রান দিয়েছেন তিনি।জয়ের জন্য ৩৫১ রান করতে হবে। লক্ষ্যটা ছিল পাহাড় ডিঙানোর মতোই। আর তাতে হল্যান্ড একেবারেই ব্যর্থ। মাত্র ১২০ রানেই শেষ হয়ে গেছে ‘কমলা বাহিনীর’ ব্যাটিং। বারেসি একাই স্রোতের বিপক্ষে লড়াই করে ৪৪ রান করলে হল্যান্ডের সম্মান কিছুটা হলেও রক্ষা পায়। নয়তো তাঁদের ইনিংস শেষ হতে পারতো আরো কম রানেই। দক্ষিণ আফ্রিকার পক্ষে আজ সেরা বোলার ছিলেন ইমরান তাহির। ১৯ রানে ৩ উইকেট নিয়ে ডাচ ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের ভিত্তিটাই তৈরি হতে দেননি তিনি। এর পাশাপাশি ক্যালিস ও পিটারস ২টি করে ও ডুমিনি ও স্টেইন ১টি করে উইকেট দখল করেন।