২৩৩ রানে পিছিয়ে জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারারেতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ের মুখে পড়লেও দিনের শেষপর্যায়ে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে আজ দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে এখনো ২৩৩ রানে পিছিয়ে আছে টেলর বাহিনী। পঞ্চম উইকেটে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জিম্বাবুয়ে শিবিরে আশার আলো জ্বালিয়েছেন এলটন চিগুম্বুরা ও ম্যালকম ওয়ালার। চিগুম্বুরা ৪৫ ও ওয়ালার ৩০ রান করে অপরাজিত আছেন।৩৯১ রানে প্রথম ইনিংস শেষ করার পর বল হাতে শুরুটা দারুণভাবে করেছিল বাংলাদেশ। ৪৫ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরেছিলেন জিম্বাবুয়ের উদ্বোধনী দুই ব্যাটসম্যান সিবান্দা (১০), চাকাবা (১২) ও মাসাকাদজা (১৪)। এরপর অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন অধিনায়ক ব্রেন্ডন টেলর। তবে তাঁকে বেশিদূর এগোতে দেননি সোহাগ গাজী। ব্যক্তিগত ৩৬ রানে আউট হন টেলর। এর আগে ৬ উইকেটে ৩০০ রান নিয়ে আজ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুটা হয় হতাশার। দলীয় ৩১৩ রানে সাজঘরে ফেরেন জিয়াউর রহমান। আগের দিন জিয়াউর ৮ ও নাসির হোসেন ৩৭ রানে অপরাজিত ছিলেন। আজ ব্যক্তিগত সংগ্রহে মাত্র ৬ রান যোগ করেই সাজঘরে ফেরেন জিয়াউর। তাঁর জায়গায় আসা সোহাগ গাজী আউট হন ২১ রান করে। নাসির অবশ্য খারাপ করেননি, ব্যক্তিগত ৭৭ রানে আউট হন তিনি। দলীয় সংগ্রহ তখন ৩৬৭ রান। এ অবস্থায় দলের সংগ্রহটা চার শর ঘরে নিয়ে যেতে যথাসাধ্য চেষ্টা করেন রবিউল ইসলাম। তবে অপর প্রান্তে থাকা সাজিদুল ইসলামের ব্যর্থতায় সেটা সম্ভব হয়নি। ১৩ বল মোকাবিলা করে রানের খাতাই খুলতে পারেননি সাজিদুল। রবিউল ২৪ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের সফলতম বোলার এলটন চিগুম্বুরা। ৭৫ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন তিনি। কিগান মেথ ও গ্রায়েম ক্রেমার দুটি করে উইকেট নেন।