পাল্লেকেল্লে টেস্টের তৃতীয় দিনে সবকিছু পূর্বানুমান মতোই হলো অস্ট্রেলিয়ার জন্য। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শন মার্শ ও মাইক হাসি দুজনেই পেয়েছেন তাদের কাঙ্ক্ষিত শতক। লঙ্কান বোলারদের নাজেহাল করে দিয়ে আগের দিনের ১৪৮ রানের জুটিটাকে তাঁরা নিয়ে গেছেন ২৫৮ রান পর্যন্ত। প্রথম ইনিংসে ২১৭ রানে এগিয়ে থেকে জয়ের স্বপ্নটাও আরও জোরদার হয়েছে সফরকারীদের। তবে দুই সেঞ্চুরিয়ানের এই জুটি ভেঙে খেলায় ফেরার জন্য এখন মরিয়া স্বাগতিক শ্রীলঙ্কা। খুব অল্প সময়ের মধ্যেই তারা তুলে নিয়েছে ৪টি উইকেট। এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৭ উইকেটে ৪১১ রান। পাল্লেকেল্লে টেস্টের প্রথম দুই দিনের মতো তৃতীয় দিনের শুর’তেও অব্যাহত ছিল অস্ট্রেলিয়ান আধিপত্য। গতকালকের ১৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিটার সঙ্গে আজ আরও ১১০ রান যোগ করেছিলেন অভিষিক্ত শন মার্শ ও মাইক হাসি। সেঞ্চুরি পেয়েছেন দুজনই। তবে মধ্যাহ্ন বিরতির তিন ওভার আগে এই জুটিটা ভেঙে যেন কিছুটা হাফ ছেড়ে বেঁচেছেন লংকান ক্রিকেটাররা। ১৪২ রানের চমত্কার এক ইনিংস খেলে সামারাবীরার বলে আউট হওয়ার হয়েছেন মাইক হাসি। দীর্ঘসময়ের সঙ্গীর বিদায়ের পর হয়ত মনোসংযোগ হারিয়ে ফেলেছিলেন মার্শও। মধ্যাহ্নবিরতির পর লাকমলের বলে সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন অভিষিক্ত এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে এর আগে তাঁর ব্যাট থেকে এসেছে ১৪১ রানের একটি লড়াকু ইনিংস। পরের ওভারেই টানা দুই বলে ব্র্যাড হাডিন ও মিচেল জনসনের উইকেট তুলে নিয়ে লঙ্কানদের ঘুড়ে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছেন সুরজ রনদিভ। রয়টার্স।