২৪ ওভারে ১৭০ রানের লক্ষ্য নিউজিল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ ওভারের ম্যাচ হলেও বৃষ্টির কারণে টি-টোয়েন্টির আদল পেয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বাঁচা-মরার লড়াইটা। খেলার দৈর্ঘ্য নির্ধারিত হয়েছে ২৪ ওভার। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক ব্যাটিংও করেছেন টি-টোয়েন্টি ম্যাচের মতো। তাঁর ৪৭ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংসটির সুবাদেই স্কোরবোর্ডে ১৬৯ রান জমা করতে পেরেছে স্বাগতিকরা। নিউজিল্যান্ডের পক্ষে ৩০ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছেন কাইল মিলস।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি ইংল্যান্ড। প্রথম চার ওভারের মধ্যে মাত্র ২৫ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন ইয়ান বেল ও জনাথন ট্রট। তবে কুকের অধিনায়কোচিত ব্যাটিংয়ের কারণে বিপজ্জনক পরিস্থিতি এড়াতে পেরেছে স্বাগতিকরা। তাঁকে বেশ ভালোই সঙ্গ দিয়েছেন জো রুট। তৃতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান এই দুই ব্যাটসম্যান। ১৫তম ওভারে রুট ফিরে যান উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। তার আগে ৩৮ রানের লড়াকু ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে মরগানকে সঙ্গে নিয়ে আরও কয়েক ওভার ঝোড়ো ব্যাটিং চালিয়ে গেছেন কুক। ১৯তম ওভারে ৬৪ রান করে তিনি যখন সাজঘরে ফিরছিলেন, তখন ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়েছিল ১৪১ রান। এরপর ব্যাটিং বিপর্যয়টা আর ঠেকাতে পারেনি ইংল্যান্ড। বাকিটা সময় শুধু আসা-যাওয়াই করেছেন ইংলিশ ব্যাটসম্যানরা। মাত্র ২৮ রান সংগ্রহ করতেই আউট হন বাকি ছয় ব্যাটসম্যান। ইংল্যান্ডের ইনিংসও গুটিয়ে যায় তিন বল হাতে রেখেই।