২৪ ওভারেই শেষ দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম সেশনে​ই জয়। প্রথম টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে হাসিমুখেই মাঠ ছাড়ছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। কাল ডারবানে l এএফপি
প্রথম সেশনে​ই জয়। প্রথম টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে হাসিমুখেই মাঠ ছাড়ছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। কাল ডারবানে l এএফপি

আট ম্যাচে একটি মাত্র জয়, হার চারটিতে। কে বলবে এটা ২০১৫ সালে বিশ্বের এক নম্বর টেস্ট দলের খতিয়ান! অবিশ্বাস্য হলেও এ বছর টেস্টে দক্ষিণ আফ্রিকার রেকর্ড এটাই। প্রোটিয়াদের একমাত্র জয়টা আবার বছরের প্রথম টেস্টে কেপটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর বাংলাদেশ সফর থেকেই জয়ের সঙ্গে আড়ি দক্ষিণ আফ্রিকানদের। সেই ধারাবাহিকতাতেই কাল ডারবানে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারল হাশিম আমলার দল।
জিততে হলে চতুর্থ ইনিংসে করতে হবে ৪১৬ রান। ১৩৬ রানেই নেই ৪ উইকেট—চতুর্থ দিন শেষে আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচ বাঁচাতে অসাধ্য সাধনই করতে হবে স্বাগতিকদের। এবি ডি ভিলিয়ার্স টিকে ছিলেন, এটাই যা ভরসা ছিল প্রোটিয়াদের। কিন্তু কাল দিনের খেলা শুরু হতে না হতেই আশা-ভরসা সব শেষ। দিনের তৃতীয় বলেই আর কোনো রান যোগ না হতেই মঈন আলীর বলে এলবিডব্লু ডি ভিলিয়ার্স। এবি রিভিউ নিয়ে শুধু নষ্টই করলেন।
ঠিক দুই ওভার পর দলকে ১৩৬ রানে রেখেই আউট টেম্বা বাভুমাও। ৬ ওভারের মধ্যে নেই আরও ২ উইকেট। এরপর দলকে লজ্জা থেকে বাঁচাতে যা একটু চেষ্টা করলেন জেপি ডুমিনি। শেষ ২ উইকেট জুটি ৩১ রান তুলে জয়ের ব্যবধানটাই একটু কমাতে পেরেছেন। আট নম্বরে নেমে ডুমিনি ২৬ রানে অপরাজিত থাকলেও লাঞ্চের আগেই শেষ ম্যাচ। ইংল্যান্ড জয়ী ২৪১ রানে।
সাদা পোশাকের ক্রিকেটে বছরটা কত খারাপ গেছে আরেকটি পরিসংখ্যানেও সেটা পরিষ্কার। প্রতি জয়ের বিপরীতে চারটি হার, ২২ বছরের নির্বাসনদণ্ড কাটিয়ে ১৯৯২ সালে টেস্টে ফেরার পর দক্ষিণ আফ্রিকানদের এটাই সবচেয়ে বাজে বছর।
নতুন বছরে প্রোটিয়ারা কি পারবে নতুন করে শুরু করতে? কেপটাউনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ জানুয়ারি। ওই টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ফিরিয়েছে কুইন্টন ডি কককে। সম্ভবত কেপটাউনে ডি ভিলিয়ার্সের বদলে উইকেটকিপিং করবেন ডি কক। এএফপি, ক্রিকইনফো।