২৪ জুলাই ১৯৭১। দিনটি আজও জ্বলজ্বল করে স্বাধীন বাংলা দলের ফুটবলারদের স্মৃতিপটে। ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর স্টেডিয়ামে সেদিন জড়ো হয়েছিলেন একগুচ্ছ দামাল ফুটবলার।
মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা ও অর্থ সংগ্রহের লক্ষ্যে স্বাধীন বাংলা ফুটবল দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল নদীয়া একাদশের সঙ্গে। ওই দিনই ফুটবলাররা বিশাল একটা জাতীয় পতাকা উড়িয়েছিলেন মাঠে। সেই পতাকা নিয়েই মাঠ প্রদক্ষিণ করেছিলেন। দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণার দাবি অনেক দিন ধরেই করে আসছেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়েরা। গত বছরের ডিসেম্বরে ২৪ জুলাইকে জাতীয় ক্রীড়া দিবস ঘোষণার সুপারিশ করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি। বিজয় দিবস সামনে রেখে আবারও জোরালোভাবে দাবিটি তুলল স্বাধীন বাংলা ফুটবল দল।
তবে ফুটবলাররা চাইলেই তো হবে না। সরকারকেও আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। কিন্তু কবে নাগাদ সেই ঘোষণটা আসবে বা আদৌ আসবে কি না, তা নিয়ে কিছু বলতে পারলেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ‘এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হবে কি হবে না, সে ব্যাপারে আপাতত কিছু বলতে পারছি না।’ মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পরই এটা আলোর মুখ দেখতে পারে বলে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘এটা শুধু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যাপার না, বিষয়টা সরকারের। যদি ক্যাবিনেটে বিষয়টি অনুমোদিত হয়, তাহলেই এই দিবস চালু হবে। আমাদের মন্ত্রণালয় থেকে চাইলেও অবশ্য এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি না।’
বাংলাদেশের জন্মের সঙ্গে ২৪ জুলাই তারিখটি এমনভাবেই জড়িয়ে আছে যে এটিকেই জাতীয় ক্রীড়া দিবস ঘোষণার পক্ষে ফুটবলাররা। ওই দিনের স্মৃতি আজও স্মরণ করেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, ‘ম্যাচ শুরুর আগে আমরা মাঠে জাতীয় পতাকা উত্তোলন করতে চেয়েছিলাম। কিন্তু এই সিদ্ধান্ত শুনে নদীয়ার তৎকালীন জেলা প্রশাসক আমাদের নিষেধ করেন। আমরা তখন বেঁকে বসি। বলেছিলাম, আমরা তাহলে মাঠেই নামব না। প্রায় আধা ঘণ্টা মাঠে হই-হল্লা, চিৎকার, আলোচনার পর শেষ পর্যন্ত বাংলাদেশের মানচিত্রখচিত পতাকাটি ওড়ানোর অনুমতি মেলে।’