২৪ বছর পর বিশ্বকাপ জার্মানির

মারিও কেম্পেস, ডিয়েগো ম্যারাডোনার পাশে ঠিকই বসলেন লিওনেল মেসি। তৃতীয় আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে জিতলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার, গোল্ডেন বল। কিন্তু যেভাবে চেয়েছিলেন, ঠিক সেভাবে হাজির হতে পারলেন না দৃশ্যপটে। বিশ্বকাপ শিরোপাটা অধরাই থেকে গেল এসময়ের অন্যতম সেরা এই ফুটবলারের। ইতিহাস গড়ে শিরোপা জিতে নিল জার্মানি।
লাতিন আমেরিকার মাটিতে বিশ্বকাপ খেলতে এসে কখনোই শিরোপা জয়ের স্বাদ পায়নি ইউরোপের কোনো দল। এবার সেই ইতিহাসটা নতুন করেই লিখল জোয়াকিম লোর শিষ্যরা। প্রথম ইউরোপিয়ান দল হিসেবে জার্মানিই লাতিন-ভূমিতে হাতে নিলো বিশ্বকাপের শিরোপা।
ফাইনালে শেষ বাঁশি বাজার পরপরই মারাকানা স্টেডিয়ামের সব আলো কেড়ে নিলেন ২২ বছর বয়সী মারিও গোটশে। ৮৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে এই তরুণ মিডফিল্ডারই জার্মানিকে মাতিয়েছেন বিশ্বকাপ জয়ের উল্লাসে। অতিরিক্ত সময়ে, ১১৩ মিনিটের মাথায় আন্দ্রে শুরলের ক্রস থেকে বল পেয়ে দুর্দান্তভাবে জয়সূচক গোলটি করেছেন গোটশে। পুরো খেলায় রক্ষণভাগটা ভালোভাবে সামলালেও এই একটি আক্রমণেই তছনছ হয়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করার মাশুল গুনতে হয়েছে আর্জেন্টিনাকে। অতিরিক্ত সময়ে, ৯৭ মিনিটের মাথায় রদ্রিগো প্যালাসিও কাজে লাগাতে পারেননি সহজ একটি গোলের সুযোগ।
প্রথমার্ধে, ২১ মিনিটের মাথায় গোল করার দারুণ একটি সুযোগ পেয়েছিলেন গঞ্জালো হিগুয়েইন। বল ক্লিয়ার করতে গিয়ে হিগুয়েইনের পায়েই বল তুলে দিয়েছিলেন টনি ক্রুস। কিন্তু সামনে শুধু গোলরক্ষক থাকলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে শট নিতে পারেননি হিগুয়েইন। ৩০ মিনিটে একবার জার্মানির জালে বলও জড়িয়ে দিয়েছিলেন আর্জেন্টিনার এই তারকা স্ট্রাইকার। কিন্তু গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। দ্বিতীয়ার্ধের শুরুতে মেসিও নষ্ট করেছেন গোলের সুযোগ। আর্জেন্টাইন অধিনায়কের শট চলে গেছে গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে।
নির্ধারিত ৯০ মিনিটে জার্মানিও বেশ কয়েকবার ভীতি ছড়িয়েছিল আর্জেন্টিনার রক্ষণভাগে। ১৩ মিনিটে মুলারের দারুণ এক ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি মিরোস্লাভ ক্লোসা। প্রথমার্ধের একেবারে শেষমুহূর্তে এমন দৃশ্য দেখা গেছে আরও একবার। ৩৭ মিনিটে আন্দ্রে শুরলের দারুণ এক শট রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো।
৮০ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়েছিলেন বেনেডিক্ট হুভেডেস। কিন্তু গোলপোস্টের একদম সামনে বল পেয়েও শট নিতে পারেননি এই জার্মান ডিফেন্ডার। দুই মিনিট পরে টনি ক্রুসের একটি শটও চলে গেছে আর্জেন্টিনার গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে।
কিন্তু এসব ব্যর্থতার কথা মনে না রাখলেও চলবে জার্মানির সমর্থকদের। অতিরিক্ত সময়ে গোটশের গোলের সুবাদে ১-০ ব্যবধানের জয় নিয়ে তারাই মেতেছে শিরোপা জয়ের উল্লাসে।
১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ সালের পর চতুর্থবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ পেল জার্মানি। তবে আগের তিনটি শিরোপা জয়ের সময় জার্মানি বিভক্ত ছিল পূর্ব-পশ্চিমে। সেই বিশ্বকাপগুলো জিতেছিল পশ্চিম জার্মানি। অবিভক্ত জার্মানির মাথায় এবারই প্রথমবারের মতো উঠেছে বিশ্বসেরার মুকুট।