২৪ বছর পর বিশ্বকাপে হাত ব্রাজিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুরানব্বইয়ে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন রোমারিও
চুরানব্বইয়ে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন রোমারিও

ডেভিড বেকহ্যাম, থিয়েরি অঁরি, হুলিও সিজার, রাফায়েল মার্কুয়েজদের মতো তারকা খেলোয়াড়েরা ক্যারিয়ারের শেষ সময়টা কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে। যার শুরুটা হয়েছিল ১৯৯৪ সালের বিশ্বকাপের পর। পেশাদারি ফুটবল লিগ চালু করতে হবে এমন শর্তেই যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ আয়োজনের ভার দিয়েছিল ফিফা। ফুটবল খুব বেশি জনপ্রিয় না হলেও সেবার সবাইকে চমকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের মূল পর্বে সবচেয়ে বেশি দর্শক সমাগমের রেকর্ডটি এখনো আছে তাদেরই দখলে। বিশ্বকাপের সেই ১৫তম আসরে প্রতি ম্যাচে গড়ে দর্শক উপস্থিত ছিল প্রায় ৬৯ হাজার।

১৯৯৪ সালের বিশ্বকাপে ছিল ঘটনার ঘনঘটা। শুরুটা হয়েছিল আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মাদক কেলেঙ্কারি দিয়ে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় দিয়ে শুরুটা দারুণভাবেই করেছিল ম্যারাডোনার আর্জেন্টিনা। বিশ্বকাপে কাঁপিয়ে দেওয়ার খবরটা আসে ঠিক এর পর পরই। ম্যাচের আগে সেবনকৃত এফিড্রিন নামের একটি ওষুধের জন্য ফেঁসে যান ম্যারাডোনা। ফিফার কাছে ওই এফিড্রিন একটি নিষিদ্ধ ওষুধ হিসেবেই তালিকাভুক্ত। ম্যারাডোনা সেই এফিড্রিন জেনে খেয়েছিলেন, নাকি না জেনে—সেটা অবশ্য বিবেচনায় নেয়নি ফিফা।

প্রথম দুটো ম্যাচে গ্রিস ও নাইজেরিয়ার বিপক্ষে দারুণ খেলেছিলেন এই কিংবদন্তি। বুলগেরিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচের আগেই ম্যারাডোনার ওপর নেমে আসে শাস্তির খড়্গ। ম্যারাডোনাবিহীন, মানসিকভাবে বিধ্বস্ত আর্জেন্টিনা শেষ ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে হেরে যায় ২-০ গোলে।

ম্যারাডোনা কেলেঙ্কারির খবর প্রকাশিত হওয়ার ঠিক আগ দিয়ে আরেকটি ট্র্যাজেডির চিত্রনাট্য লিখেছিলেন আন্দ্রেস এসকোবার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে কলম্বিয়ার এই ডিফেন্ডার বল জড়িয়েছিলেন নিজেদের জালেই। সেই ম্যাচে ২-১ গোলে হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল কলম্বিয়াকে। আর সেই ভুলের খেসারত দিয়ে জীবন থেকেই বিদায় নিতে হয়েছিল এসকোবারকে। দেশে ফেরার পর তাঁকে গুলি করে হত্যা করেছিল কলম্বিয়ার ক্ষুব্ধ সমর্থকেরা।
মুহূর্তের একটি ভুলের জন্য এসকোবারকে যেমন প্রাণ দিতে হয়েছিল, তেমনি শুধু এক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপের ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন ওলেগ সালেনকো। ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে একাই পাঁচ গোল করেছিলেন এই রাশিয়ান স্ট্রাইকার। মোট ছয় গোল নিয়ে গোল্ডেন বুটের পুরস্কারও জিতেছিলেন সালেনকো।

মাঠের লড়াইয়ে বুলগেরিয়াও দেখিয়েছিল দারুণ চমক। আগের পাঁচটি আসরে ১৭টি ম্যাচ খেলে জয়বঞ্চিত থাকার পর ১৯৯৪ সালে তারা পেয়েছিল বিশ্বকাপের প্রথম জয়। সেই বহু কাঙ্ক্ষিত জয়টা বুলগেরিয়ার ফুটবলারদের এতটাই অনুপ্রাণিত করেছিল যে সেবার তারা চলে গিয়েছিল সেমিফাইনাল পর্যন্ত। কোয়ার্টার ফাইনালে ১৯৯০ সালের শিরোপাজয়ী জার্মানিকে হারিয়ে হইচই ফেলে দেয় সারা বিশ্বে।
১৯৯৪ সালের বিশ্বকাপে নিজেদের নতুন করে চিনিয়েছিলেন ব্রাজিলের রোমারিও আর ইতালির রবার্তো ব্যাজ্জিও। এই দুই তারকার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই ফাইনাল পর্যন্ত এসেছিল ব্রাজিল আর ইতালি। নকআউট পর্বের প্রতি ম্যাচেই ইতালি জিতেছিল ব্যাজ্জিওর গোলে। সুইডেনের বিপক্ষে সেমিফাইনালে ব্রাজিল ১-০ গোলের জয় পেয়েছিল রোমারিওর গোলে। ব্রাজিলিয়ান এই তারকা কোয়ার্টার ফাইনালেও করেছিলেন একটি গোল।

ফাইনালে শেষ হাসিটা কে হাসবেন, সেটা দেখার জন্যই উদগ্রীব হয়ে ছিল পুরো ফুটবল বিশ্ব। সেখানেই মঞ্চস্থ হয়েছিল ব্যাজ্জিও ট্র্যাজেডি। ১৯৯৪ সালেই প্রথমবারের মতো পেনাল্টি শুটআউটের মাধ্যমে নির্ধারিত হয়েছিল বিশ্বকাপ শিরোপা। এ তথ্য হয়তো অনেকেরই মনে নেই। কিন্তু ফাইনালের পেনাল্টি শুটআউটে ব্যাজ্জিওর সেই অদ্ভুত শটটার কথা সহজে ভোলার নয়। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ব্যাজ্জিওই গোল করতে পারেননি পেনাল্টি থেকে। বলটা মেরেছিলেন আকাশে। গোলপোস্টের ওপর দিয়ে উড়ে গিয়েছিল ব্যাজ্জিওর সেই শট। সঙ্গে সঙ্গেই চতুর্থবারের মতো শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠেছিল ব্রাজিলিয়ানরা। এক মুহূর্তেই নায়ক থেকে খলনায়ক বনে গিয়েছিলেন ব্যাজ্জিও।
অন্যদিকে রোমারিও সত্যিই নিজের করে নিয়েছিলেন ’৯৪ সালের বিশ্বকাপটা। পাঁচটি গোল করে জিতেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার; গোল্ডেন বল। ফাইনালে পেনাল্টি শুটআউটেও বল পাঠিয়েছিলেন কাঙ্ক্ষিত লক্ষ্যে।
টাইব্রেকারের ভাগ্যপরীক্ষাতেই ২৪ বছর পর বিশ্বকাপকে নিজেদের করে নিয়েছিল ব্রাজিল।