২৪৩-এর ধাক্কাটা দরকার ছিল ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই টেস্টের সিরিজটি অনায়াসেই জিতে নিয়ে ভারত দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াইয়ের জন্য ভালোভাবেই তৈরি হয়ে রয়েছে। বিশ্বমানের ব্যাটিং লাইনআপের জন্য প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৪৩ রানে অলআউট হওয়ার ধাক্কাটা প্রয়োজন ছিল। রজার ফেদেরার এবং রাফায়েল নাদালের মতো তারকারাই বলবে যে একটা বড় টুর্নামেন্টে একাগ্রতা ধরে রাখার জন্য প্রাথমিক রাউন্ডে একটি কঠিন ম্যাচ গেলে তাদের ভালোই হয়। ভারতের ক্ষেত্রেও ওটা যেন ঠিক তা-ই ছিল। ওই ছোট ধাক্কাটার পর তারা তাদের সেরাটাই দেখাল এবং নিশ্চিতও করল যে দুবার অলআউট হয়ে সহ-অধিনায়ককে বিব্রত তারা করবে না।সারা বিশ্বের বোলাররাই জানে যে যখন তারা বীরেন্দর শেবাগকে নিয়ে প্রশ্ন তোলে জবাবটা পেয়ে যায় সরাসরি। সব সময় বড় রান হয়তো সে করতে পারে না, তবে তাকে উপেক্ষাও করা যায় না। সে হয় বলের ওপর ঝাঁপিয়ে পড়ে, নতুবা আউট হয়ে আসে। কোনো বোলারের বোলিংয়ে হকচকিত হয়ে খুব কমই আউট হয়েছে সে। এমনটা ঘটতে দেখা গেল দ্বিতীয় টেস্টে যেখানে শাহাদাতের বল বিস্ময়করভাবে লাফিয়ে উঠে তাকে পেছনে ঠেলে দিল। সে চমকেই গিয়েছিল, কারণ শাহাদাত বল করার সময় শব্দ করে ওঠে, যাতে মনে হতে পারে বলটা ছুটে আসছে ১৫০ কিলোমিটার গতিতে, কিন্তু প্রকৃতপক্ষে তার গতি থাকে ১৩০ কিলোমিটারের আশপাশে। ওই বলটা ছিল ১৩৯ কিলোমিটার গতির, আগের বলটার চেয়ে যা ছিল ১০ কিলোমিটারের মতো বেশি। এই সিরিজে বাংলাদেশের ইতিবাচক দিক হলো শেবাগকে তারা সেঞ্চুরি করতে দেয়নি। তবে ভারত-সমর্থকেরা অবশ্যই আশায় বুক বেঁধে আছে যে বীরু বড় কিছু জমিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকানদের জন্য।গম্ভীর, দ্রাবিড়, টেন্ডুলকারের রান প্রাপ্যই ছিল, তাদের কাছ থেকে সেঞ্চুরিও পাওয়া গেছে প্রত্যাশামতো। এটা তাদের একাগ্রতার পুরস্কার যে বাংলাদেশের বোলিংকেও তারা হালকাভাবে নেয়নি এবং রান করার কাজটা করে গেছে পেশাদার ভঙ্গিতে। এদের নিয়ে গড়ে ওঠা ব্যাটিং লাইনআপটা এমনিতেই অপ্রতিরোধ্য, আর চট্টগ্রামে লক্ষ্মণও রান পাওয়ায় সেটি স্বাগতিকদের জন্য হয়ে গেছে অনতিক্রম্য। ধোনিও সেঞ্চুরি একটা পেয়েই গিয়েছিল, তবে লোয়ার অর্ডারকে নিয়ে যেভাবে সে খেলেছে সেটাই প্রশংসনীয়।জহির খান বোলিংয়ের নেতৃত্ব দিয়েছে, বৈচিত্র্য ও গতি দিয়েই সে উইকেট তুলেছে নিষ্প্রাণ পিচেও। ইশান্তও ভালো বোলিং করেছে, যদিও ভাগ্য বেশি সদয় ছিল না তার প্রতি। তবে তাকে বেশ ছন্দে পাওয়া গেছে, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য এটা ভালো লক্ষণ। হতাশা শুধু হরভজনকে নিয়ে। সে যেন কোথায় হারিয়ে ছিল। তবে শেবাগকে নিয়ে আশা করা যায়, প্রোটিয়াদের জন্য সে তার গান পাউডার শুকিয়ে রেখেছে। ফিল্ডিংয়ে উন্নতির ছোঁয়া পাওয়া গেছে। কার্তিক ও বিজয় দুর্দান্ত ক্যাচ নিয়েছে, সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য ভারত ছিল ধরাছোঁয়ার বাইরে। নিচের দিকের দলের বিপক্ষে এমন বিশাল জয়ের পর এক নম্বর ও দুই নম্বর দলের লড়াইটা হয়ে ওঠে কৌতূহলোদ্দীপক। দারুণ একটা লড়াই-ই হতে যাচ্ছে সিরিজটায়।