প্রতিশ্রুতি ছিল, প্রাপ্তিটা তৃপ্তি দিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা দারুণই হয়েছিল। তামিম ইকবাল আর শামসুর রহমানের উদ্বোধনী জুটিতে রান এসেছিল ৬৩। ভিত্তি মজবুত হওয়ায় বড় একটা সংগ্রহের স্বপ্নই দেখছিল বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডারে হঠাত্ আসা-যাওয়ার মিছিল বাংলাদেশকে করল পথভ্রষ্ট। মুমিনুল, মুশফিক প্রত্যাশা জাগিয়ে তুললেও নিজেদের সংগ্রহকে আর বড় ক্যানভাসে ছড়িয়ে দিতে না পারার খেসারতটা আজ বাংলাদেশ দিয়েছে বেশ ভালোভাবেই। তার পরও সংগ্রহটা যে আড়াই শর কাছাকাছি (২৪৭) গেছে, তার পুরো কৃতিত্ব টপ অর্ডারের স্থিতধী ব্যাটিংকে দিতেই হচ্ছে। তার পরও নির্ধারিত ৫০ ওভার পুরো হওয়ার আগেই দলের অলআউট হয়ে যাওয়াটাকে ব্যর্থতাই বলতে হচ্ছে।

মুমিনুল অ্যান্ডারসনের একটু লাফিয়ে ওঠা বলে পুল খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন নাথান ম্যাককালামের হাতে। মুশফিক নিশামের বলে উইকেটের পেছনে ধরা পড়েন লাথামের হাতে। এর আগে শামসুর রহমান নাথান ম্যাককালামের একটা ফুলটস বুঝতে না পেরে স্টাম্পড হন। নাসির নিশামের বলে তুলে মারতে গিয়ে লং অফে ব্রেন্ডন ম্যাককালামের ক্যাচে পরিণত হন।

তামিম ফিফটি পেয়েছেন। কিন্তু ‘নিজের’ খেলাটা অনুপস্থিতই ছিল তাঁর ইনিংসে। ৫৮ রান করে তিনি ফিরেছেন কুরে অ্যান্ডারসনের বলে। ফিফটি পূরণের আগে তাঁর ব্যাট স্বভাবজাত মারমুখো থাকলেও তার শেষটা হয়েছে কিছুটা হতাশাতেই। তার পরও তামিম যা করেছেন, সেটা দলে বাকিরা করতে পারলেই তো কেল্লাফতে হয়ে যেত। মুমিনুল মুশফিক দুটি মাঝারি ইনিংস খেলে আউট হয়ে গেলে দলের বিপদের মাত্রাটা আরও বাড়িয়েছেন নাঈম ইসলাম আর নাসির হোসেন। নাসির তো দুই অঙ্কের কোটাও ছুঁতে পারেননি। বাংলাদেশের ‘মিস্টার ডিপেন্ডেবল’ নাসির এই সিরিজে তাঁর বাজে ফর্ম অব্যাহতই রাখলেন। নাঈম ভালোই খেলছিলেন। কিন্তু তিনিও ধৈর্য ধরে রাখতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে দলকে বিপদগ্রস্ত করেছেন।

মাহমুদউল্লাহ আর সোহাগ গাজীর জুটি ৪৮ রান তুলে দলকে সেই বিপদ থেকে রক্ষা করেছে। মাহমুদউল্লাহ ২১ রান করে অবশ্য আউটটা হয়েছেন বাজে। সোহাগ গাজীর ২৬ রানটাকে অভিনন্দিত করতেই হচ্ছে। মাহমুদউল্লাহ অভিনন্দনটা পেতেন, যদি তিনি তরিটাকে ভালোভাবে তীরে ভেড়াতে পারতেন।

মাশরাফি উইকেটে এসেই ঝড় তুলেছিলেন। কিন্তু তাঁর ঝড়টা ছিল ক্ষণস্থায়ী। ৮ বলে ১৪ রান করে তাঁর ফেরাটাও দৃষ্টিকটু। ‘ম্যাশ’ আরও একটু টিকে গেলে হয়তো রানটা আড়াই শ পেরিয়েও আরও কিছু দূর যায়!

নিউজিল্যান্ডের পক্ষে আজ সেরা পারফরমারের স্থানটা নিয়ে দারুণ লড়াই হয়েছে জেমস নিশাম আর কুরে অ্যান্ডারসনের মধ্যে। দুজনেই চারটি করে উইকেট নিয়েছেন যথাক্রমে ৫৩ আর ৪০ রানে। কাইল মিলস আর টম লাথাম নিয়েছেন একটি করে উইকেট। উইকেটের পেছনে দারুণ তত্পর ছিলেন উইকেটরক্ষক টম লাথাম। তিনটি ডিসমিসালে তিনি আজ দলে নিজের অন্তর্ভুক্তিটাকে করেছেন সার্থক।