২৫ জনেও নেই আশরাফুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো তাঁর উপস্থিতি আলোচনার জন্ম দেয়, কখনো অনুপস্থিতিও। এবারের আলোচনাটা অনুপস্থিতি নিয়ে। গতকাল ঘোষিত শ্রীলঙ্কা সফরের ২৫ সদস্যের প্রাথমিক দলেও জায়গা মেলেনি মোহাম্মদ আশরাফুলের! বিপিএলে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন, সেঞ্চুরি আছে ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক চার দিনের টুর্নামেন্ট বিসিএলেও। সাম্প্রতিক সময়ে ফর্মে থাকার প্রমাণ দেওয়ার পরও শ্রীলঙ্কা সফরের টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি কোনোটার জন্যই তাঁকে বিবেচনায় না রাখাটা বিতর্কের জন্ম তো দিচ্ছেই।আশরাফুলের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাচক আকরাম খান বর্তমান ফেলে হলেন অতীতাশ্রয়ী! ‘সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকার পরও আশরাফুল কেন নেই’ প্রশ্নে ব্যাখ্যা, ‘সন্দেহ নেই, আশরাফুল ভালো খেলোয়াড়। কিন্তু আমরা যে শুধু বিপিএলের পারফরম্যান্সই দেখছি, তা নয়। গত এক-দেড় বছরের পারফরম্যান্সও দেখেছি।’ অথচ খেলোয়াড় নির্বাচন প্রসঙ্গে একটু পরই যা বললেন, তাতে বোঝা গেল বিপিএলের পারফরম্যান্সও বিবেচনায় নিয়েছেন নির্বাচকেরা, ‘বিপিএলের সেরা ১১ জন বোলারের মধ্যে নয়জন জাতীয় দলের। ব্যাটিংয়েও আশরাফুল-শামসুর রহমান ছাড়া বাকি যারা ভালো করেছে, তারা সবাই জাতীয় দলের। পরিবর্তনটা তাই ওরকম চাইছি না।’আশরাফুল না থাকলেও ২৫ জনে আছেন শামসুর রহমান, সাব্বির রহমান আর মার্শাল আইয়ুব। জাতীয় দলে এখনো অভিষেক না হলেও এঁদের প্রত্যেকেই এর আগে কখনো না কখনো প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন। আশরাফুলের বিসিএল, বিপিএলের পারফরম্যান্স বিবেচনায় না এলেও শামসুর দলে এসেছেন ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দিয়েই। সাব্বির প্রসঙ্গে প্রধান নির্বাচকের বক্তব্য, ‘সাব্বিরকে টি-টোয়েন্টির জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় মনে করি।’ সেটা হলে আশরাফুলকেও কেন তা মনে করা হলো না? এবার আকরাম যা বললেন, তাতে মনে হলো আশরাফুলের ক্ষেত্রে মানদণ্ডটা ভিন্ন, ‘ও যে ধরনের ব্যাটসম্যান, ওকে কিন্তু আরও ভালো খেলতে হবে।’ দিলেন অন্য একটা যুক্তিও, ‘সাব্বিরকে যে জায়গায় চিন্তাভাবনা করছি, সেখানে আর কেউ ওরকম ভালো করেনি। কিন্তু আশরাফুলের জায়গায় বিজয় (এনামুল হক) অনেক ভালো খেলছে।’ তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলা মার্শাল আইয়ুব যে প্রাথমিক দলে জায়গা দাবি করেন, প্রধান নির্বাচকের এই বক্তব্যে দ্বিমত নেই কারোরই। বিপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও বিসিএলে একটা ডাবল সেঞ্চুরিসহ সর্বোচ্চ রান করেছেন মার্শাল। এ ছাড়া, টি-টোয়েন্টির পারফরম্যান্স দিয়ে দলে আছেন শাহরিয়ার নাফীসও। আকরাম অবশ্য সর্বশেষ টেস্ট দলে থাকাটাকেও বাঁহাতি এই ব্যাটসম্যানের পক্ষে যুক্তি হিসেবে দাঁড় করালেন।প্রাথমিক দলে ডাক পাওয়াদের মধ্যে যাঁরা আজ বিপিএলের ফাইনালে খেলবেন না, তাঁদের নিয়ে কাল সকাল থেকেই অনুশীলন শুরু করে দেবেন কোচ শেন জার্গেনসেন। ফাইনালে খেলা ক্রিকেটাররা অনুশীলনে যোগ দেবেন ২২ ফেব্রুয়ারি। তবে এই অনুশীলনে আপাতত যোগ দেওয়ার সম্ভাবনা নেই সাকিব আল হাসানের। শিনবোনের চোটের জন্য ডাক্তার দেখাতে বিপিএল শেষ হওয়া মাত্র তাঁর অস্ট্রেলিয়া যাওয়ার কথা। প্রধান নির্বাচক জানালেন, অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ চিকিৎসকদের রিপোর্টের ওপরই নির্ভর করছে সাকিবের শ্রীলঙ্কা সফর। ২২ ফেব্রুয়ারি থেকে শুরু বিসিএল ফাইনালের প্রথম বা দ্বিতীয় দিনে ১৫ বা ১৬ জনের চূড়ান্ত দল দেবে নির্বাচক কমিটি।শ্রীলঙ্কা সফরের জন্য প্রাথমিক দলমুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, এনামুল হক, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন, মমিনুল হক, শাহরিয়ার নাফীস, শাহাদাত হোসেন, নাজমুল হোসেন, রবিউল ইসলাম, সোহাগ গাজী, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, শামসুর রহমান, সাব্বির রহমান ও মার্শাল আইয়ুব।