২৫ বছর আগে ফিরবে বেলো হরিজন্তে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে পড়ে গুরুতর আহতের ভান করছেন চিলিয়ান গোলরক্ষক রবার্তো রোজাস। এই অভিনয়ের শাস্তি তাঁকে পেতে হয়েছে আজীবন নিষেধাজ্ঞার কবলে পড়ে।
মাঠে পড়ে গুরুতর আহতের ভান করছেন চিলিয়ান গোলরক্ষক রবার্তো রোজাস। এই অভিনয়ের শাস্তি তাঁকে পেতে হয়েছে আজীবন নিষেধাজ্ঞার কবলে পড়ে।

সারা দুনিয়া তাকিয়ে বোলো হরিজন্তের দিকে। ব্রাজিলের এই শহরটিতে শনিবার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের নক-আউট লড়াইয়ে চিলির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। লাতিন আমেরিকার এই দুই প্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াইয়ের অতীত যা-ই থাক না কেন, মাঠের বাইরে তাদের লড়াইয়ের ইতিহাসটা কিন্তু খুব একটা মসৃণ নয়। ব্রাজিল-চিলি যখনই মাঠে নামে, তখনই এই দুই দলকে ঘিরে থাকে এক অভূতপূর্ব ঘটনার জের। পৃথিবীর ফুটবল ইতিহাসে সেই ঘটনাটি ন্যক্কারজনক এক অধ্যায় হিসেবেই চিহ্নিত হয়ে আছে। ‘মারাকানাজো’ নিয়ে নানা রকম কথা হয়, কিন্তু আজ থেকে ২৫ বছর আগে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে এক ব্রাজিল-চিলি ম্যাচে যা ঘটেছিল, তাকে মারাকানাজোর চেয়ে খুব একটা পিছিয়ে রাখা যাবে না। আজ ব্রাজিল-চিলির বিশ্বকাপ লড়াইয়ে ২৫ বছর আগের সেই স্মৃতি যদি ঘুরেফিরে না আসে, তাহলে বলতেই হবে ব্রাজিলীয় ফুটবলের যেকোনো স্মৃতি ধরে রাখার ক্ষমতাটা খুবই সীমিত।
২৫ বছর আগের সেই ব্রাজিল-চিলি লড়াইটাও ছিল বিশ্বকাপের। মূল পর্বের নয়, বাছাইপর্বের। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের জন্য লাতিন অঞ্চলের বাছাইপর্ব তখন একটা চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ১৯৮৯ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত ওই ব্রাজিল-চিলি ম্যাচটি ছিল দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। যে হারবে, তারই আর বিশ্বকাপ খেলা হবে না—এমন একটি সমীকরণ মাথায় রেখে দুই দল নেমেছিল রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। চিলির জন্য যা-ই হোক, বিশ্বকাপে যেতে না পারলে ব্রাজিলের অবস্থা কী হবে, একবার ভেবে দেখুন তো! দুঙ্গা-কারেকা-অ্যালেমাও-ব্রাঙ্কো-বেবেতোদের ব্রাজিল মরিয়া, যে করেই হোক নিজের মাটিতে চিলিকে হারাবে। চিলিও মরিয়া ব্রাজিলকে টেক্কা দিয়ে চূড়ান্তপর্বে নিজেদের জায়গা করে নিতে।
এই লড়াই আগুন ছড়াল চারদিকে। মারাকানায় উপস্থিত প্রায় লাখ খানেক দর্শক। মাঠের লড়াইটাও হলো সেয়ানে-সেয়ানে। তবে অভিজ্ঞতা আর ফুটবলশৈলিতে এগিয়ে থাকা ব্রাজিল খেলার এক পর্যায়ে এগিয়ে গেল ১-০ গোলে। আর ঠিক এই সময়ই ঘটল সেই নজিরবিহীন ঘটনাটি!
লাতিন ফুটবলে স্টেডিয়ামে পটকার ব্যবহার নতুন কিছু নয়। ঘরোয়া লিগ থেকে শুরু করে আন্তর্জাতিক ফুটবলেও প্রিয় দলের সাফল্য উদযাপনের জন্য পটকা ব্যবহার করেন ফুটবলপাগল লাতিন দর্শকেরা। সেদিনও মারাকানায় এদিক-ওদিক ফুটছিল পটকা। পটকার আওয়াজে সেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের এগিয়ে থাকা উদযাপন করছিলেন দর্শকেরা। কিন্তু সেই পটকা নিয়েই বাধল বিপত্তি। গোলপোস্টের পেছন দিকের গ্যালারি থেকে এক পটকা উড়ে আসতেই চোখ-মুখ ঢেকে মাটিতে পড়ে গেলেন চিলির অধিনায়ক ও গোলরক্ষক রবার্তো রোজাস। পুরো স্টেডিয়ামের দৃষ্টি তখন রোজাসের দিকে। কী হলো তাঁর?
ছুটে এলেন চিলিয়ান ফুটবলাররা। অধিনায়ক আহত। বৈরী দর্শক হাঙ্গামার অভিযোগ তোলার এই তো সুযোগ। দলও পিছিয়ে ১-০ গোলে। ব্রাজিলীয় ফুটবলাররা হতভম্ব। নিশ্চিত বিজয়ের ম্যাচ পণ্ড হতে বসেছে একটা পটকার জন্য! দুঙ্গা, অ্যালেমাওদের মন তখন অন্য শঙ্কায় ছেয়ে গেছে। দর্শক হাঙ্গামার ক্ষেত্রে ফিফার আইন তো খুব কড়া। এতে ভেন্যু বাতিল তো আছেই, স্বাগতিক দেশকে মাথা পেতে নিতে হয় নিষেধাজ্ঞাও। তা-ই যদি হয়, তবে তো বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়ে যাবে ব্রাজিলের! এমনকি বিশ্ব ফুটবলের এই পরাশক্তিকে বহিষ্কৃত হতে হবে ফুটবল বিশ্ব থেকে।
চিলির গোলরক্ষক রোজাসের মুখমণ্ডল তখন ভেসে যাচ্ছে রক্তে। তাঁকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হলো। চিলিয়ান খেলোয়াড়েরাও মাঠ ত্যাগ করল। ম্যাচ হয়ে গেল পণ্ড।
পুরো ব্রাজিল তখন শোকে মুহ্যমান। সবারই একই চিন্তা, আমরা বিশ্বকাপ খেলতে পারব না! তা কী করে হয়! অনেকেই তখন অভিশাপ দিচ্ছে ওই পটকা ছোড়া দর্শককে। যেন এক কুলঙ্গার দর্শকের জন্যই শেষ হয়ে গেল ব্রাজিলের ফুটবল। ফুটবলপাগল এক জাতির হাহাকারই যেন ফুটে উঠল ব্রাজিলীয়দের অভিব্যক্তিতে।
কিন্তু কাহিনিটা ছিল সম্পূর্ণ অন্য। দলের অবস্থা বেগতিক দেখে চিলিয়ান গোলরক্ষক ওই ম্যাচে ফেঁদেছিলেন এক জঘন্য নাটক। তাঁর পাশে পটকা পড়েছিল ঠিকই। কিন্তু পটকা বিস্ফোরিত হতে দেখেই তাঁর মাথায় খেলে ওই দুষ্ট বুদ্ধিটা। পরিকল্পনাটা অবশ্য আগে থেকেই করা ছিল। তাই মাঠে তিনি ঢুকেছিলেন ব্লেড নিয়ে। পটকা বিস্ফোরিত হতে দেখেই মাটিতে পড়ে গিয়ে মুখমণ্ডল ব্লেড দিয়ে চিড়ে নিজেকে রক্তাক্ত করেছিলেন তিনি। উদ্দেশ্য, ব্রাজিলকে দর্শক হাঙ্গামার অভিযোগে অভিযুক্ত করে ফুটবল থেকে বহিষ্কার করা। আর সেটা করতে পারলে পেছনের দরজা দিয়ে হলেও নব্বইয়ের বিশ্বকাপটা খেলা হয়ে যায় চিলির।

ফটোগ্রাফার অ্যালফিয়েরির তোলা সেই ছবি। যা বাঁচিয়েছিল ব্রাজিলের ফুটবলকে। ছবি: সংগৃহীত
ফটোগ্রাফার অ্যালফিয়েরির তোলা সেই ছবি। যা বাঁচিয়েছিল ব্রাজিলের ফুটবলকে। ছবি: সংগৃহীত

রোজাসের এই ভয়াবহ পরিকল্পনা ফাঁস করা নিয়েও আছে এক চাঞ্চল্যকর ঘটনা। পাওলো টিসেইরা নামের এক ফটোগ্রাফার সেদিন আবিষ্কার করেছিলেন রোজাসের কূট পরিকল্পনাটি। যেকোনো কারণেই পটকা বিস্ফোরণের ছবিটি তুলতে ব্যর্থ হলেও টিসেইরা পুরো ঘটনাটিই নিজের চোখে দেখেছিলেন। তিনি নিশ্চিত ছিলেন, যেভাবেই রোজাস রক্তাক্ত হোন না কেন, তিনি পটকার আঘাতে হননি। চিলি যখন রোজাসকে পটকা বিস্ফোরণের শিকার হিসেবে অভিহিত করল, তখন আর নিজেকে সামলে রাখতে পারেননি তিনি। খোঁজ লাগালেন কোন আলোকচিত্রীর কাছে পুরো ঘটনার ছবি আছে। পাওয়া গেল রিকার্ডো অ্যালফিয়েরি নামের এক সাংবাদিককে। অ্যালফিয়েরি এসেছিলেন জাপানি একটি পত্রিকার হয়ে ছবি তুলতে। কিন্তু অ্যালফিয়েরি টিসেইরাকে ছবিগুলো দিতে অস্বীকৃতি জানালেন। কিন্তু টিসেইরা তো তখন মরিয়া। তিনি জানেন, একমাত্র অ্যালফিয়েরির ছবিগুলোই পারে এই বিপদের হাত থেকে ব্রাজিলকে বাঁচাতে।
তিনি অ্যালফিয়েরিকে হুমকি দিলেন, ‘ভালোয়-ভালোয় ছবিগুলো দিয়ে দাও। নয়তো সরকারকে বলে তোমাকে ব্রাজিল থেকে বের হতে দেব না।’ অ্যালফিয়েরি ছবিগুলো দিতে রাজি হলেন ঠিকই. কিন্তু নিজের ছবির চাহিদা বুঝে বেশ কিছু অর্থও দাবিও করে বসলেন।
টিসেইরা ঘটনাটি জানালেন আরেক টিসেইরাকে। তিনি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি রিকার্ডো টিসেইরা। ফিল্মগুলো নিতে হবে, অনেক টাকা লাগবে। কনফেডারেশন সভাপতি বললেন, ‘ব্যাপার না।’ ব্রাজিলের ফুটবলকে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে এ ছাড়া আর কোনো উপায়ও ছিল না।’ ছবিগুলো কেনা হলো। ডেভেলপও করা হলো। ছবি দেখে সবার চক্ষু চড়কগাছ! কী ভয়াবহ ফন্দিই না এঁটেছিলেন রোজাস। ছবিগুলো পাঠিয়ে দেওয়া হলো ফিফার কাছে।
ফিফাতেও তখন আলোড়ন। জরুরি বৈঠক বসল। রোজাসকে প্রতারণার দায়ে অভিযুক্ত করা হলো। দণ্ড দেওয়া হলো আজীবন নিষেধাজ্ঞার। পেছন দরজা দিয়ে হাঁটতে গিয়ে ক্যারিয়ারটাই বিসর্জন দিলেন এই চিলিয়ান গোলরক্ষক।
ব্রাজিলকে ফাঁদে ফেলতে গিয়ে ফাঁদবন্দী হলো ওই চিলিই। আন্তর্জাতিক ফুটবল থেকে চিলিকে বহিষ্কার করা হলো। কেড়ে নেওয়া হলো তাদের পরের বিশ্বকাপ ( ১৯৯৪) বাছাইপর্ব খেলার অধিকারও।
বিশ্বময় আলোড়ন ফেলে দেওয়া এই ঘটনাটি শনিবার বোলো হরিজন্তেয় উঁকি না দিয়ে পারে?