অনুষ্ঠানসূচি, পারফরমার—সবকিছুই ঠিকঠাক। ঠিকঠাকভাবেই চলছিল অনুশীলনও। ৬০০ পারফরমার নিবিড়ভাবে চালিয়ে গেছেন সে কাজটা। উদ্দেশ্য একটাই, সংক্ষিপ্ত কিন্তু জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে বিশ্বকে চমকে দেওয়া। কিন্তু সবকিছু ঠিকঠাকমতো চললে দেশটা আর ব্রাজিল কেন!
অবশ্য উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে যে সামান্য অনিশ্চয়তা ছিল সেটার দায় কোনো ব্রাজিলিয়ানের ছিল না। পুয়ের্তোরিকান-মার্কিন সংগীতশিল্পী জেনিফার লোপেজ শিডিউলের দোহাই দিয়ে বলেছিলেন, তিনি থাকতে পারবেন না উদ্বোধনী অনুষ্ঠানে। শেষ মুহূর্তে অবশ্য মত পাল্টেছেন জে লো। আজ সাও পাওলোতে থাকছেন তিনিও, র্যাপার পিটবুল ও ক্লদিয়া লেইতের সঙ্গে গাইবেন বিশ্বকাপের থিম সং ‘উই আর ওয়ান’ (ওলে ওলা)৷
আজ বাংলাদেশ সময় রাত সোয়া বারোটায় শুরু ২৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানটা শেষ হবে লোপেজ-পিটবুলদের গান দিয়েই। এর আগে ৬০০ নৃত্যশিল্পী, জিমন্যাস্ট, ট্রামপোলিনিস্ট মাতিয়ে রাখবেন করিন্থিয়ানস অ্যারেনা। তাঁদের সঙ্গে মঞ্চ আলো করে থাকবে ৯০ হাজার গুচ্ছবাতি দিয়ে তৈরি বিশাল এক ‘জীবন্ত’ এলইডি বল। অনুষ্ঠানটা ২৫ মিনিটের, কিন্তু আয়োজকেরা বলছেন, প্রতিটি মিনিটের জন্যই প্রস্তুতি নিতে হয়েছে আনুমানিক ২০ ঘণ্টা করে। পুরো অনুষ্ঠানের রিহার্সালই হয়েছে ৮৪ ঘণ্টা।
অনুষ্ঠানটা সাও পাওলোর স্থানীয় সময় বেলা সোয়া তিনটায়। তাই থাকছে না কোনো আতশবাজির খেলা। তবে থাকছে ক্যাপোয়েইরা (নাচ, অ্যাক্রোবেটিকস ও গানের সমন্বয়ে এক ধরনের ব্রাজিলিয়ান মার্শাল আর্ট)। পুরো অনুষ্ঠানেই নানা ধরনের সাজপোশাক পরা বিভিন্ন চরিত্র ফুটিয়ে তুলবে ব্রাজিলের জাতীয় ‘সম্পদগুলো’কে।
উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক বেলজিয়ামের নাগরিক ড্যাফনে করনেই বললেন এ রকমই, ‘উদ্বোধনী অনুষ্ঠানটা ব্রাজিল ও এর সম্পদ যেমন: প্রকৃতি, মানুষ, ফুটবল ইত্যাদিকেই তুলে ধরবে। সবাই এতটাই আচ্ছন্ন অনুষ্ঠান নিয়ে, সবার সব ক্লান্তি যেন দূর হয়ে গেছে। একই কাজ বারবার করেও কারও মুখের হাসি মিলিয়ে যায়নি। চমৎকার একটা ব্যাপার।’
অনুষ্ঠানের বড় চমকটা অবশ্য নাচগান হবে না। পক্ষাঘাতগ্রস্ত এক রোগী পুরোপুরি যন্ত্রমানব হয়েই লাথি মারবেন ফুটবলে। বিজ্ঞানের চরম উৎকর্ষের প্রমাণ দেওয়া পোশাকটাকে নিয়ন্ত্রণ করে পোশাকধারীর মস্তিষ্ক। আয়োজকেরা আশা করছেন, আগের আসরগুলোর মতোই সাড়া ফেলবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় ১৫০০ লোক।