টেস্ট ক্রিকেটে প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন হাশিম আমলা। ট্রিপল সেঞ্চুরির পথে প্রথমে গ্রায়েম স্মিথের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৫৯ রান ও পরে জ্যাক ক্যালিসের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েছেন ৩৭৭ রানের হার না-মানা জুটি। টেস্ট ক্রিকেট এই নিয়ে মাত্র দ্বিতীয়বার দেখল একই ইনিংসে দু-দুটি ২৫০ ছাড়ানো জুটি। প্রথম ঘটনাটিও এ বছরের। বছরের একেবারে শুরুতে সিডনিতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা সেটা করেছিলেন ভারতের বিপক্ষে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চতুর্থ ও পঞ্চম উইকেটে হয়েছিল যথাক্রমে ২৮৮ ও ৩৩৪* রানের জুটি। দুই জুটিতেই ছিলেন অপরাজিত ৩২৯ রান করা অধিনায়ক মাইকেল ক্লার্ক, প্রথমটিতে রিকি পন্টিংয়ের (১৩৪) সঙ্গে ও দ্বিতীয়টিতে মাইক হাসির (১৫০*) সঙ্গে। এক ম্যাচে দুটির বেশি ২৫০ ছাড়ানা রানের জুটি এখনো দেখেনি টেস্ট ক্রিকেট। এ বছরের আগে এক ম্যাচে দুটি ২৫০ ছাড়ানো জুটি হয়েছেই মাত্র তিনবার। তবে তিনটিই এই শতাব্দীতে।