২৫০তম ম্যাচে শততম খেলোয়াড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি মাইলফলক মিলে গেল। একটি দলীয়, একটি ব্যক্তিগত। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের প্রায় ২৫ বছর পর কাল ২৫০তম ওয়ানডে খেলতে নামল বাংলাদেশ। এই মাইলফলকের ম্যাচেই আরেকটি মাইলফলকের সঙ্গে নাম জুড়ে গেল শুভাগত হোম চৌধুরীর।ম্যাচ শুরুর আগে শুভাগতর মাথায় ক্যাপ পরিয়ে দিলেন হাবিবুল বাশার। এই ‘ক্যাপ’টির যে আলাদা মহিমা, হাবিবুল জানতেন না। শুভাগতও না। এমনিতে ওয়ানডে অভিষেক এত আকছার হয় যে ব্রায়ান ভিটরির মতো কিছু না করে ফেললে সেটি নিয়ে তেমন হইচই-ই হয় না। আগের ম্যাচেই তো বাংলাদেশের পক্ষে নাসির হোসেনের অভিষেক হলো। নাসির ছিলেন বাংলাদেশের ৯৯তম ওয়ানডে খেলোয়াড়। শুভাগত ১০০ নম্বর।টেস্ট খেলুড়ে ১০টি দেশের মধ্যে বাংলাদেশেরই ওয়ানডে খেলোয়াড়-সংখ্যায় সেঞ্চুরি হলো সবার পরে। অন্য নয়টি দেশের শততম খেলোয়াড়ের তালিকাটা দেখলে শুভাগতর কাছে মাইলফলকটা মোটেই ‘পয়া’ কিছু বলে মনে হবে না। এক নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ছাড়া আর কারও ক্যারিয়ারই বলার মতো কিছু হয়নি।অভিষেকে আকৈশোর স্বপ্ন পূরণের আনন্দ থাকে। সঙ্গে থাকে অজানা-অচেনা এক ভুবনে পা রাখার চাপও। শুভাগতর ওপর চাপটা ছিল আরও বেশি। তাঁর যে অভিষেক হলো বাংলাদেশের জন্য বিষম চাপের ম্যাচে। সিরিজে ২-০ পিছিয়ে দল। বাঁচা-মরার ম্যাচ। যে ম্যাচে অভিজ্ঞতার চেয়ে তারুণ্যেই বেশি নির্ভরতা খুঁজে পেলেন সাকিব আল হাসান।কোচ-নির্বাচকও মত দিচ্ছেন, তবে এই সফরে একাদশ নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্তটা অধিনায়কেরই। মোহাম্মদ আশরাফুল, আবদুর রাজ্জাক ও শাহরিয়ার নাফীসকে বাদ দিয়ে জুনায়েদ সিদ্দিক, নাজমুল হোসেন ও শুভাগত হোমকে নেওয়ার সিদ্ধান্তটাও তাই সাকিবের বলেই অনুমান করা যায়। বাদ পড়া তিনজনের মিলিত ওয়ানডে অভিজ্ঞতা ৩৬১ ম্যাচ। নাজমুল অবশ্য অভিষেকের কথা বললে শাহরিয়ারেরও সিনিয়র। তবে প্রায় সাত বছরে কাল খেলতে নামলেন মাত্র ৩৫তম ম্যাচ।বাংলাদেশের ক্রিকেটে ‘অভিজ্ঞতা’ কথাটাতে বড় ধোঁয়াশা। বেশির ভাগ সময় অভিজ্ঞতা থাকে শুধু ম্যাচ-সংখ্যাতেই, পারফরম্যান্সে খুব বেশি প্রমাণ মেলে না। ফল যা হওয়ার তা-ই হয়। কখনো নির্বাচকেরা একটু বেশি তাড়াতাড়িই অধৈর্য হয়ে যান, কখনো হয়তো তাঁদের উপায়ও থাকে না। অভিজ্ঞরা বাদ পড়ে যান। নতুন খেলোয়াড় আসেন। কখনো আবার তিন বছর পর দলে ফিরিয়ে এক ম্যাচ খেলার পরই অলক কাপালির মতো কাউকে অন্যায়ভাবে বাদও দিয়ে দেওয়া হয়। বাংলাদেশ তাই চিরতারুণ্যের দলই থেকে যায়। এ কারণেই এত বছরে বাংলাদেশের পক্ষে ১০০ ওয়ানডে খেলতে পেরেছেন মাত্র আটজন, যাঁদের তিনজন আবার চলে গেছেন অবসরে।শুভাগত হোমের অভিষেক বাংলাদেশের ক্রিকেটের চিরন্তন এই আক্ষেপের কথা মনে করিয়ে দিল। অভিষেকে শুভাগত প্রথম আলোচনাতেও এলেন এমন নেতিবাচক কারণেই, এক্সট্রা কাভারে টাটেন্ডা টাইবুর সহজ ক্যাচ ফেলে। টাইবুর রান তখন মাত্র ১৬। শেষ পর্যন্ত আউট হলেন ৮৩ রান করে। মাঝখানে যে বাংলাদেশের ফিল্ডারদের আরও দাক্ষিণ্য পেয়েছেন। ৪১ রানে মাহমুদউল্লাহর বলে মিড উইকেটে নাসির ক্যাচ ফেলেছেন। নাসিরেরই পরের ওভারে উইকেটকিপার মুশফিকুর রহিম।৩৯ রানে জিম্বাবুয়ের ২ উইকেট ফেলে দেওয়ার পর মাসাকাদজা ও টাইবুর ১৪২ রানের জুটিটি হতে পারল এ কারণেই। শুভাগত ক্যাচ না ফেললে এই জুটি ২৭ রানের বেশি আয়ু পায় না। সিরিজে প্রথমবারের মতো টসে জিতে ফিল্ডিং করার ফায়দাটাও পুরোপুরি নিতে পারে বাংলাদেশ। আগের দুটি ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করাটাকে ব্যর্থতার অজুহাত হিসেবে দাঁড় করায়নি দল। তবে কালকের পরিস্থিতি ছিল ভিন্ন। সকাল থেকেই হারারের আকাশ মেঘে ঢাকা। সঙ্গে কনকনে বাতাস। সিমিং কন্ডিশন বলতে যা বোঝায়।বাংলাদেশের তিন পেসার সেটির সদ্ব্যবহারই করেছেন। বিশেষ করে, ব্যাটিং পাওয়ার প্লেতে শফিউল ও রুবেল দারুণ বোলিং করেছেন। শফিউল একটা ছয় খাওয়ার পরও ওই ৫ ওভারে ৩২ রান। হয়তো কন্ডিশনের কারণেই এমনিতে অফ স্পিনার হিসেবে পরিচিত নাসির মিডিয়াম পেস করলেন। ৬ ওভারে ৩৭ রান দিয়ে ফেলায় সেটি খুব কাজে এসেছে বলা যাচ্ছে না। যদিও উইকেট একটা পেয়েই গিয়েছিলেন প্রায়। শুভাগত ক্যাচটা ফেলেছেন নাসিরের বলেই।এই সিরিজে অনেক সমস্যার মধ্যে বাংলাদেশের স্পিনারদের একদমই অকার্যকর হয়ে যাওয়াটাও বড় ভোগাচ্ছে। সাকিব শেষ ওভারে পরপর দুই বলে উইকেট পেলেন। কিন্তু ওয়ানডেতে সাকিবের মাত্র ৬ ওভার বোলিং করা যেমন ব্যতিক্রমী ঘটনা, সেই ৬ ওভারে ৪৬ রান দেওয়াও তা-ই।এই দুই দলের সাম্প্রতিক ওয়ানডে ইতিহাস মনে রাখলে ব্যতিক্রমী অনেক কিছু তো ঘটছে এই সিরিজে।