২৫০০০ তম গোলটি ইব্রার
তিনি যে ‘স্পেশাল’, সুযোগ পেলেই সেটা মজা করে জানিয়ে দেওয়ার সুযোগ ছাড়েন না। ইব্রাহিমোভিচ অবশ্য সেই সুযোগটা বেশ কিছু দিন পাননি। পরশুর আগে সর্বশেষ ১১ ম্যাচে ছিল মাত্র এক গোল, ইব্রাকে নিয়ে কম সমালোচনা হয়নি। পরশু অবশেষে নিজের আসল ঝলকটা দেখানোর সুযোগ পেলেন। সোয়ানসির সঙ্গে জোড়া গোলেই খরা কাটিয়েছেন ইব্রা, দলও জিতেছে।
ম্যাচ শেষে মনে করিয়ে দেওয়া হলো, প্রথম গোলটি ছিল প্রিমিয়ার লিগের ২৫ হাজারতম গোল। ইব্রা স্বাভাবিকভাবেই তথ্যটা জানতেন না। তবে এরপর যেটা বললেন সেটা বোধ হয় শুধু তাঁর পক্ষেই বলা সম্ভব, ‘আমি তো ভেবেছি আমার নিজেরই ২৫ হাজার গোল হয়ে গেছে।’ তবে পরশু আরেকটা দুঃসংবাদও পেতে হয়েছে ইব্রাকে। হলুদ কার্ড দেখেছেন, লিগে পাঁচটি হলুদ কার্ড হয়ে যাওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। আর্সেনালের সঙ্গে প্রিমিয়ার লিগের পরের ম্যাচে তাই খেলতে পারবেন না ইব্রা। গোলডটকম।