২৫১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

অ্যাশেজের আরও একটি টেস্ট, আবারও ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড। ৪ উইকেটে ১৮০ রান নিয়ে পার্থ টেস্টের তৃতীয় দিন শুরু করা ইংলিশরা এবার অলআউট ২৫১ রানেই। প্রথম ইনিংসে অ্যালিস্টার কুকের বাহিনী এই মুহূর্তে পিছিয়ে ১৩৪ রানে।
পিটার সিডল, মিচেল জনসন আর রায়ান হ্যারিসের ত্রিমুখী আক্রমণেই ছিন্নভিন্ন হয়ে গেছে ইংলিশরা। আজ ইংল্যান্ডের ছয়টি উইকেট নিজেদের মধ্যে সমানভাবে ভাগাভাগি করে নিয়েছেন এই তিন অস্ট্রেলীয় পেসার। তৃতীয় দিনে ইংল্যান্ড ব্যাট করতে পেরেছে মাত্র ২০ ওভার। বাকি ৬ উইকেটে তারা স্কোর বোর্ডে তুলতে পেরেছে মাত্র ৭১ রান।
তৃতীয় দিনের তৃতীয় ওভারেই ইয়ান বেলকে সাজঘরে পাঠিয়ে ইংলিশ বিপর্যয়ের শুরুটা করেছিলেন হ্যারিস। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষ দিকে টিম ব্রেসনানের ২১ আর গ্রায়েম সোয়ানের অপরাজিত ১৯ রানের ওপর ভর করেই আড়াই শ রানের কোটা পেরোতে পেরেছে ইংল্যান্ড।
কিন্তু এটা কী ইংল্যান্ডের টানা তৃতীয় পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট হবে? আকস্মিক ব্যাটিং বিপর্যয়ের এই চিত্র দেখে ইংল্যান্ডের অ্যাশেজ ধরে রাখার আশাও শেষ বলেই ধরে নিচ্ছেন অনেকে। এমন ধারণা মিথ্যা প্রমাণিত করতে চাইলে দ্বিতীয় ইনিংসে মরিয়া হয়েই লড়তে হবে ইংলিশ ক্রিকেটারদের।