২৫৩ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা ভালোভাবেই করেছে পাকিস্তান। বোলারদের ভালো পারফরম্যান্সের সুবাদে আজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে মাত্র ২৫৩ রানেই গুটিয়ে দিয়েছে মিসবাহ বাহিনী। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংসটি খেলেছেন জ্যাক ক্যালিস। পাকিস্তানের পক্ষে মাত্র ১৬ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছেন মোহাম্মদ হাফিজ। দুটি করে উইকেট পেয়েছেন উমর গুল ও জুনায়েদ খান।জোহানেসবার্গ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। ধীরস্থীরভাবে শুরু করে উদ্বোধনী জুটিতে ৪৬ রান যোগ করেছিলেন স্মিথ ও অ্যালভিরো পিটারসেন। কিন্তু টানা দুই ওভারে এই দুজনকেই সাজঘরে পাঠিয়ে পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে যান দুই পেসার জুনায়েদ খান ও উমর গুল। তৃতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়েছিলেন জ্যাক ক্যালিস ও হাশিম আমলা। দলীয় ১২৫ রানের মাথায় এই জুটি ভেঙে পাকিস্তান শিবিরে স্বস্তি ফেরান উমর গুল। ৫০ রান করে বিদায় নেন ক্যালিস। কয়েক ওভার পরে ৩৭ রান করা আমলাকেও আউট করেন ইউনুস খান। পঞ্চম উইকেটে আবার ৬৪ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন এবি ডি ভিলিয়ার্স ও ডু প্লেসিস। কিন্তু এই জুটিটা খুব বেশি দীর্ঘায়িত করার সুযোগ দেননি মোহাম্মদ হাফিজ। দলীয় ১৯৯ রানের মাথায় হাফিজের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ডু প্লেসিস। এর আগে তিনি খেলেছিলেন ৩১ রানের লড়াকু এক ইনিংস। এরপর হাফিজের ঘূর্ণিতে নাজেহাল হয়ে একে একে সাজঘরের পথ ধরেছেন রবিন পিটারসেন, ডিন এলগার ও মরনে মরকেল। ৪১ রান করা ডু প্লেসিসকে ফিরিয়েছেন জুনায়েদ খান।