২৫৫ করেও বড় লিডের সামনে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিচেল জনসনকে আউট করে উল্লাসে মেতেছেন ইংলিশ ক্রিকেটাররা। ছবি: রয়টার্স
মিচেল জনসনকে আউট করে উল্লাসে মেতেছেন ইংলিশ ক্রিকেটাররা। ছবি: রয়টার্স

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সর্বোচ্চ দর্শক সমাগমের নতুন রেকর্ডটা বেশ ঘটা করেই উদযাপন করেছিল অস্ট্রেলিয়া। আজ বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনেও স্টেডিয়ামে এসেছিলেন ৭০ হাজারেরও বেশি দর্শক। কিন্তু গতকালের মতো আজ স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতাতে পারেননি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা; বরং দ্বিতীয় দিনের খেলা শেষে হতাশা নিয়েই ঘরে ফিরতে হয়েছে অস্ট্রেলিয়ার সমর্থকদের। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৬৪ রান সংগ্রহ করতেই যে ৯ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্যই যেন মরিয়া হয়ে গেছে ইংল্যান্ড। অ্যাশেজ হারের লজ্জা মেনে নিতেই হয়েছে, এখন হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই লড়ে যাচ্ছে সফরকারীরা। দুর্দান্ত বোলিং করে যেন ঘুরে দাঁড়ানোর বার্তাই দিচ্ছেন ইংলিশ পেসাররা। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও টিম ব্রেসনানের ত্রিমুখী তোপের মুখে বেশ চাপের মুখেই পড়েছে অস্ট্রেলিয়া। ওপেনার ক্রিস রজার্স আর ব্র্যাড হাডিন ছাড়া কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানই গড়তে পারেননি প্রতিরোধ।
৬১ রানের ধৈর্যশীল এক ইনিংস খেলে রজার্স যখন সাজঘরে ফিরেছিলেন, তখন অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জমা হয়েছিল ১১২ রান। তাঁর আগেই সাজঘরমুখী হয়েছিলেন ডেভিড ওয়ার্নার (৯), শেন ওয়াটসন (১০), মাইকেল ক্লার্ক (১০) ও স্টিভেন স্মিথ (১৯)। অস্ট্রেলিয়া সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ৫০ থেকে ৫৮ ওভারের মধ্যে। এ সময় মাত্র ১২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বসে তারা। এই বিপর্যয় আর শেষ পর্যন্ত সামলে উঠতে পারেনি মাইকেল ক্লার্কের দল। মাত্র ৫৪ রানে শেষ সাতটি উইকেট হারিয়েছে তারা।

ব্যাটিং বিপর্যয় এড়ানো যাবে না অনুমান করেই বোধ হয় দ্রুত রান সংগ্রহের দিকেই মনোযোগ দিয়েছিলেন হাডিন। ৪৯ বলে ৪৩ রান করে দিন শেষে অপরাজিতই আছেন এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু সংগ্রহটা সম্মানজনক একটা অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কোনো সঙ্গীই পাননি হাডিন। উইকেটের অপর প্রান্তে দাঁড়িয়ে একের পর এক সতীর্থদের আসা যাওয়াই দেখতে হয়েছে তাঁকে। ইংল্যান্ডের পক্ষে দুর্দান্ত বোলিং করে তিনটি করে উইকেট পেয়েছেন ব্রড ও অ্যান্ডারসন। দুটি উইকেট গেছে ব্রেসনানের ঝুলিতে। 

এর আগে আজ দ্বিতীয় দিনের শুরুতে ইংল্যান্ডের প্রথম ইনিংস খুব দ্রুতই গুটিয়ে দিয়েছিলেন মিচেল জনসন। ইংল্যান্ডের শেষ চারটি উইকেটের তিনটিই পেয়েছেন তিনি। সব মিলিয়ে প্রথম ইনিংসে পাঁচটি উইকেট সংগ্রহ করেছেন এই বাঁ হাতি পেসার। এই সিরিজে এরই মধ্যে ২৮ উইকেট ঝোলায় পুরেছেন তিনি।

দিনের দ্বিতীয় ওভারেই আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান টিম ব্রেসনান ও পিটারসেনকে ফিরিয়ে দেন। তিন ওভার পরে স্টুয়ার্ট ব্রডও জনসনের শিকার। আর মন্টি পানেসরের উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৫৫ রানেই গুটিয়ে দেন নাথান লায়ন। গতকালের ২২৬ রানের সঙ্গে আজ মাত্র ২৯ রানই যোগ করতে পেরেছেন ইংলিশ ব্যাটসম্যানরা। পিটারসেন শেষপর্যন্ত আউট হয়েছেন ৭১ রান করে।