২৬ বছর পর নিউজিল্যান্ড...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোঝাই গিয়েছিল নাটক জমতে পারে। কিন্তু হোবার্ট টেস্ট চতুর্থ দিন দেখল চরম রোমাঞ্চে ভরা নাটক।অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান নাথান লায়নের বিপক্ষে টিম সাউদির এলবিডব্লুর আবেদনে আম্পায়ার সাড়া দিতেই জয়োৎসবে মাতোয়ারা কিউইরা। কিন্তু এই উৎসবে পানি ঢেলে লায়ন চাইলেন রেফারেল। রিপ্লে দেখাল বল পিচ করেছে লেগ স্টাম্পের বাইরে। আম্পায়ার সিদ্ধান্ত ফিরিয়ে নিলেন। জয়োৎসব থেকে রস টেলররা ফিরলেন খেলায়!এর আগে-পরে আরও দুটি রেফারেল নাটকের শেষে শেষ হাসি হাসল নিউজিল্যান্ডই। কিন্তু ওই লায়নেরই স্টাম্প উপড়ে দিয়ে যখন সত্যিই উৎসবে মাতলেন ব্রেসওয়েল, জয় থেকে মাত্র ৮ রান দূরে ছিল অস্ট্রেলিয়া! ২৪১ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া ২৩৩ রানে অলআউট। ২৬ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে হারাল নিউজিল্যান্ড। ৭ রানে জয় রানের হিসাবে ইতিহাসের সপ্তম ছোট জয়। নিউজিল্যান্ড অধিনায়ক রস টেলরের কাছে বড়দিনের আগাম উপহার!অস্ট্রেলিয়ায় কিউইরা সর্বশেষ টেস্ট জিতেছিল ১৯৮৫ সালে, পার্থে। আর নিজেদের মাটিতে ১৯৯৩ সালে, অকল্যান্ডে। কিউইদের জয়ে সিরিজ ড্র, তবে আগের সিরিজের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হাতেই থেকে গেল ট্রান্স-তাসমান সিরিজের ট্রফিটি।কাল শেষ রোমাঞ্চের প্রধান চরিত্র হয়তো লায়ন। তবে আসল নায়ক ডগ ব্রেসওয়েল ও ডেভিড ওয়ার্নার। মাত্রই তৃতীয় টেস্ট খেলতে নামা ব্রেসওয়েল জাদু দেখিয়েছেন বল হাতে, ওয়ার্নার ব্যাট হাতে। বিনা উইকেটে ৭২ রানের পুঁজি থাকায় জয়ের জন্য দরকার ছিল ১৬৯, হাতে ছিল ১০ উইকেট। কিন্তু মিডিয়াম পেসে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সর্বনাশটা করেছেন ব্রেসওয়েল। গত নভেম্বরে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংস ৫ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। এবার ম্যাচসেরার পুরস্কারটা হয়তো পেলেন না, কিন্তু দলের অসাধারণ হয়ে ব্রেন্ডন ব্রেসওয়েলের ছেলের তাতে আফসোস থাকার কথা নয়।ম্যাচসেরা ওয়ার্নার। দ্বিতীয় টেস্টেই ম্যাচসেরা হলেন বলে অন্য রকম ব্যক্তিগত একটা তৃপ্তি তো আছেই, ওয়ার্নার চাইলে হারের দায় থেকেও অব্যাহতি চাইতে পারেন! ওপেনিংয়ে নেমে ইতিহাসের ষষ্ঠ ও অস্ট্রেলিয়ার তৃতীয় ক্রিকেটার হিসেবে চতুর্থ ইনিংসে ব্যাট ক্যারি করার কীর্তি গড়েছেন, খেলেছেন অপরাজিত ১২৩ রানের অসাধারণ এক ইনিংস। তারপরও দল ২৪১ রানের লক্ষ্য ছুঁতে না পারার দায় তাঁকে বইতে হবে কেন?প্রথম তিন দিনে প্রথম সেশনে ১৯ উইকেট পড়েছে। কালও প্রথম সেশনেই ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। আগের দিন ভাগ্যের ছোঁয়ায় টিকে গেলেও কাল দ্বিতীয় ওভারেই আউট ফিলিপ হিউজ, মার্টিনের বলে গাপটিলের হাতে। সিরিজের চার ইনিংসেই মার্টিন-গাপটিল জুটির শিকার হলেন তিনি! পরে উসমান খাজা ও পন্টিংয়ের সঙ্গে ওয়ার্নারের ৫০ ও ৩৭ রানের জুটি অস্ট্রেলিয়াকে নিয়ে যায় ২ উইকেটে ১৫৯ রানে। ঠিক তখনই শুরু ব্রেসওয়েলের জাদু, অস্ট্রেলিয়াকে ১৫৯ রানে বেঁধে রেখে তুলে নেন ৩ উইকেট। প্রথম শিকার পন্টিং। পরের ওভারে পরপর দুই বলে ক্লার্ক ও মাইক হাসিকে ফিরিয়ে দিয়ে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনাও। হ্যাটট্রিক বল ঠেকান ব্র্যাড হাডিন। পরে এই হাডিন এবং সিডলকে এক ওভারেই ফিরিয়ে দেন সাউদি। প্যাটিনসন, স্টার্ক, লায়ন—শেষ তিন উইকেটও নিয়েছেন ব্রেসওয়েল।৪০ রানে ৬ উইকেট ব্রেসওয়েলের, যা অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় সেরা বোলিং। ১৯৮৫ সালে গ্যাবায় ৫২ রানে ৯ উইকেট নিয়েছিলেন রিচার্ড হ্যাডলি।২০০৮ সালের পর থেকে এটা অস্ট্রেলিয়ার ১৬তম হার। এই সময়ে তাদের চেয়ে বেশি টেস্ট হেরেছে কেবল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ২০০৫ সালের এজবাস্টন টেস্টের পর এই প্রথম টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামে অস্ট্রেলিয়া। সেই এজবাস্টন টেস্টে অস্ট্রেলিয়া নাটকীয়ভাবে হেরেছিল ২ রানে! এবার ৭ রানে! ওয়েবসাইট।