২৬ ম্যাচ পর আজারেঙ্কার হার
ছেদ পড়ল ভিক্টোরিয়া আজারেঙ্কার জয়ের ধারায়। বছরের শুরু থেকে টানা ২৬ ম্যাচ জয়ের পর হেরে গেলেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা। এই বেলারুশিয়ান পরশু মায়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে ৬-৩, ৬-৩ গেমে হেরেছেন ফ্রান্সের মারিয়ন বারতোলির কাছে। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনসহ টানা চারটি শিরোপা জেতা আজারেঙ্কার চেয়ে বছরে ভালো সূচনা আছে শুধু মার্টিনা হিঙ্গিসের। ১৯৯৭ সালের শুরুতে টানা ৩৭টি ম্যাচ জিতেছিলেন সাবেক এক নম্বর। এদিন আজারেঙ্কার খেলায় ছিল টানা ২৬ ম্যাচ জয়ের ধকলের সুস্পষ্ট ছাপ। ক্লান্ত অবসন্ন আজারেঙ্কা ম্যাচ শেষে বলেছেনও সেটা, ‘শারীরিকভাবে আজ আমার পক্ষে সম্ভবই ছিল না কিছু করা। আমি তো মানুষ, অতিমানবী নই। তাছাড়া মারিয়নও ভালো খেলেছে।’পুরুষ এককের সেমিফাইনালেই দেখা হচ্ছে রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারের। পরশু মারে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন সার্বিয়ার ইয়াঙ্কো টিপসারেভিচকে। নাদাল জিতেছেন ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গার বিপক্ষে। বিশ্বের দুই নম্বর খেলোয়াড় জিতেছেন ৬-২, ৫-৭, ৬-৪ গেমে। এএফপি।