২৬ রানের আক্ষেপ...
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজ যখন মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেন জুনিয়র ব্যাট হাতে মাঠে নামছিলেন, তখন তাঁদের সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। আর মাত্র ৪৯টি রান করতে পারলেই তাঁরা গড়তে পারতেন প্রথম শ্রেণীর ক্রিকেটে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের নতুন জুটি। গত দুদিন ওয়ালটন মধ্যাঞ্চলের এই দুই ব্যাটসম্যান যেভাবে ব্যাটিং করেছিলেন, তাতে মনে হয়েছিল, আজ নতুন এই রেকর্ড গড়াটা শুধু সময়েরই ব্যাপার মাত্র। কিন্তু খুব কাছাকাছি গিয়েও মাত্র ২৬ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মার্শাল-মেহরাবকে। অস্ট্রেলিয়ার ওয়াহ ভাইদের পেছনে ফেলে পঞ্চম উইকেটে এই দুই তরুণ ব্যাটসম্যানের ৪৯৪ রানের জুটিটি স্থান করে নিয়েছে দ্বিতীয় স্থানে। চেতেশ্বর পূজারা ও রবীন্দ্র জাদেজার ৫২০ রানের অপরাজিত জুটিটিই বহাল আছে শীর্ষস্থানে।বাংলাদেশ ক্রিকেট লিগে পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম দিনে দলের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যে মাঠে নেমেছিলেন মার্শাল আইয়ুব ও মেহেরাব হোসেন জুনিয়র। ৫৬ রানেই ৪ উইকেটের পতনের পর ৪৯৪ রানের দুর্দান্ত জুটিটি গড়েন এই দুই ব্যাটসম্যান। গতকাল দ্বিতীয় দিনে ৪৬৪ রান করে তাঁরা টপকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ ও স্টিভ ওয়াহকে। কিন্তু আজ মাত্র ২৬টি রানের জন্য পঞ্চম উইকেটের সর্বোচ্চ রানের জুটিকে ছুঁতে পারেননি মার্শাল ও মেহরাব। ব্যক্তিগত ২১৮ রান করে মেহরাব সাজঘরের পথ ধরলে ৪৯৪ রানেই থমকে যায় দুর্দান্ত এই জুটিটি। কয়েক ওভার পরে ২৮৯ রান করে আউট হন আইয়ুব মার্শাল। সাত উইকেট হারিয়ে ৬৫৫ রান সংগ্রহ করার পর ইনিংস ঘোষণা করেন মধ্যাঞ্চলের অধিনায়ক মোশাররফ হোসেন।জবাবে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে আজ তৃতীয় দিন শেষ করেছে পূর্বাঞ্চল।