২৬০ রানের লক্ষ্যে ব্যাটিং করছে পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের জন্য ২৬০ রানের লক্ষ্যে ব্যাটিং করছে পাকিস্তান। ঝোড়ো ব্যাটিং দিয়ে সূচনাটা ভালোভাবে করলেও টানা দুই ওভারে দুই ওপেনার আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজের উইকেট হারিয়েছে মিসবাহ বাহিনী। ২৪ বলে ৩২ রান করে আউট হয়েছেন শেহজাদ। এই প্রতিবেদন লেখার সময় ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৫৩ রান।
এর আগে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করেছে জেপি ডুমিনি (৬৪), ডু প্লেসিস (৫৫), কুইনটন ডি ককের (৪০) ভালো ব্যাটিংয়ের সুবাদে। শেষ পর্যায়ে এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলারের ৩৪ রানের ইনিংস দুটিও বেশ ভালো অবদান রেখেছে এই সংগ্রহের পেছনে। পাকিস্তানের পক্ষে তিনটি উইকেট নিয়েছেন মোহাম্মদ ইরফান। দুটি করে উইকেট পেয়েছেন সাইদ আজমল ও শহীদ আফ্রিদি।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। পঞ্চম ওভারেই তারা হারিয়েছিল হাশিম আমলার উইকেট। কিন্তু এরপর বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল প্রোটিয়ারা। দ্বিতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়ে পাকিস্তানের হুমকি হিসেবেই হাজির হয়েছিলেন ডি কক ও ডু প্লেসিস। এই জুটি ভেঙে পাকিস্তানকে খেলায় ফেরান শহীদ আফ্রিদি। টানা দুই ওভারে সাজঘরে পাঠান এই দুই ব্যাটসম্যানকেই। তবে চতুর্থ উইকেটে আবার ৭০ রানের জুটি গড়ে বেশ কিছুক্ষণ উইকেটে ছিলেন ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি। ৩৮তম ওভারে পাকিস্তান শিবিরে স্বস্তি ফেরান সাইদ আজমল। আউট করেন ৩৪ রান করা ডি ভিলিয়ার্সকে। ডুমিনি অবশ্য প্রায় শেষ পর্যন্তই ছিলেন উইকেটে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংসটিও এসেছে এই বামহাতির ব্যাট থেকে।