২৬৭-তে থামলেন শামসুর

রেকর্ডগড়া ইনিংসটাকে আরও লম্বা করার সংকল্প নিয়েই আজ ব্যাট হাতে মাঠে নেমেছিলেন শামসুর রহমান। পরিকল্পনা অনুযায়ী এগিয়েও যাচ্ছিলেন ভালোভাবেই। আজ তৃতীয় দিনের শুরুতেই আলাউদ্দিন বাবুর এক ওভারে ১৬ রান নিয়ে দ্রুতই ছুঁয়ে ফেলেছিলেন আড়াই শ রানের মাইলফলক। সামনে ছিল ৩০০ রানের হাতছানি। কিন্তু সেই পর্যন্ত আর তাঁকে পৌঁছাতে দেননি দীর্ঘদিন পর দীর্ঘ পরিসরের ক্রিকেটে ফেরা মাশরাফি বিন মুর্তজা। ২৬৭ রানেই থামিয়ে দিয়েছেন শামসুরের দুর্দান্ত ইনিংসটা।
৬ উইকেটে ৪২৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে খুব বেশিক্ষণ ব্যাটিং করতে পারেনি মধ্যাঞ্চল। মাত্র সাত ওভার ব্যাটিং করেই শেষ চারটি উইকেট হারিয়েছে মাহমুদউল্লাহর দল। তবে যেটুকু সময় উইকেটে ছিলেন, ঝোড়ো ব্যাটিংই করে গেছেন শামসুর। বাবুর এক ওভারে ১৬ রান নেওয়ার পর মাশরাফির ওপরেও চড়াও হয়েছিলেন মধ্যাঞ্চলের এই ওপেনার। প্রথম পাঁচ বলেই ১৭ রান নেওয়ার পর শেষ বলে আউট হয়ে ফিরেছেন সাজঘরে। আজ তৃতীয় দিনে ৪৬ বলে ৪৬ রান সংগ্রহ করে অলআউট হয়েছে মধ্যাঞ্চল। গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান শামসুর ও ইলিয়াস সানি; দুজনের উইকেটই নিয়েছেন মাশরাফি। সব মিলিয়ে ৯৮ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছেন এই ডানহাতি পেসার।
১৭২ রানে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য ভালোভাবেই করেছে পূর্বাঞ্চল। উদ্বোধনী জুটিতে ১৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ব্যাটিং করে যাচ্ছেন নাজিম উদ্দিন ও নাফিস ইকবাল। নাজিম ৮৪ ও নাফিস ৬১ রান করে অপরাজিত আছেন।