২৬৮ তে গুটিয়ে গেল ভারত
শচীন টেন্ডুলকার তাঁর শততম আন্তর্জাতিক শতক না পেলেও দীর্ঘদিন পর স্বস্তির এক শতক হাকিয়েছেন যুবরাজ সিং। তার ১৩তম ওয়ানডে শতক ও বিরাট কোহলির ৫৯ রানের ইনিংসটির উপর ভর করে শক্ত অবস্থান তৈরি করেছিল ভারত। কিন্তু পরবর্তী ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারে নি ধোনি বাহিনী। পাচ বল বাকি থাকতেই ভারতীয় ইনিংস গুটিয়ে গেছে ২৬৮ রানে। যুবরাজ আউট হওয়ার পর মাত্র ২৮ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরেছেন শেষ পাচ ব্যাটসম্যান। ৫১ রানের বিনিময়ে পাচটি উইকেট শিকার করেছেন রবি রামপাল।আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে টেন্ডুলকার আউট হয়েছেন ২ রানেই। শচীনের পাশাপাশি মাত্র ২২ রানেই প্যাভিলিয়নে ফিরেছেন গৌতম গম্ভীর। নয় ওভারের মধ্যেই মাত্র ৫১ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা সমস্যায় পরেছিল ভারত। তবে তৃতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়ে সেই ধাক্কা ভালোমতোই সামাল দিয়েছেন যুবরাজ সিং ও বিরাট কোহলি। ৩৩তম ওভারে ক্রমাগত বিপদজনক হয়ে ওঠা এই জুটি ভেঙ্গে উইন্ডিজ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন রবি রামপাল। ৫৯ রান করে ফিরে গেছেন বিরাট কোহলি। চতুর্থ উইকেটে আবার ৪৫ রানের গড়েছিলেন যুবরাজ ও অধিনয়াক মহেন্দ্র সিং ধোনি। দলীয় ২১৮ রানের মাথায় ধোনিকে ফিরিয়েছেন বিশো।