২৬৮ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া
অ্যাডিলেড টেস্টে ইনিংস ও ৭১ রানের বিশাল ব্যবধানের লজ্জাজনক হারের পর দলে অনেক পরিবর্তন এনে আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই তৃতীয় টেস্টে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এবারও অস্ট্রেলীয় সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারেনি পন্টিং বাহিনী। পার্থ টেস্টের প্রথম দিনে মাত্র ২৬৮ রানেই গুটিয়ে গেছে তাদের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দিনের বাকি সময়টা নির্বিঘ্নেই পার করে দিয়েছেন অ্যান্ডি স্ট্রাউস আর অ্যালিস্টার কুক। দিনশেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ২৯ রান। স্ট্রাউস ১২ ও অ্যালিস্টার কুক ১৭ রানে অপরাজিত আছেন।টসে জিতে বোলিং করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউস। আর স্ট্রাউসের এ সিদ্ধান্তের যথার্থতা বেশ ভালোমতোই প্রমাণ করেছেন তিন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন, ক্রিস ট্রেমলেট আর স্টিভেন ফিন। প্রথম সেশনে মাত্র ৬৯ রানেই পাঁচ উইকেট তুলে নিয়ে চাপের মুখে ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। দীর্ঘদিন পর দলে জায়গা পেয়েছেন ক্রিস ট্রেমলেট। এর আগে মাত্র তিনটা টেস্ট খেলার অভিজ্ঞতা আছে এই ইংলিশ পেসারের। অ্যাশেজ সিরিজের মতো গুরুত্বপূর্ণ একটা প্রতিযোগিতায় তাঁর মতো একজন অনভিজ্ঞ বোলারকে দলে জায়গা দেওয়ায় অনেকেই অবাক হয়েছিল। কিন্তু নির্বাচকদের নিরাশ করেননি ট্রেমলেট। প্রথম দুই স্পেলে ১৪ ওভার বল করে মাত্র ৩৪ রান দিয়ে তুলে নিয়েছেন ফিলিপ হিউজ, মাইকেল ক্লার্ক আর স্টিভেন ফিনের উইকেট। অ্যান্ডারসন ফিরিয়েছেন রিকি পন্টিংকে। আর শেন ওয়াটসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ধরাশায়ী করেছেন স্টিভেন ফিন। ৬৯ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলার পর ষষ্ঠ উইকেট জুটিতে ৬৮ রান যোগ করে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন মাইক হাসি আর ব্রাড হাডিন। কিন্তু এবার আঘাত হানেন গ্রায়েম সোয়ান। নিজের দ্বিতীয় ওভারেই তুলে নেন মাইক হাসির উইকেট। ৬১ রান করে সোয়ানের ডানহাতি ঘূর্ণিতে উইকেট রক্ষক ম্যাট প্রিয়রের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হাসি। ৫৩ রান করে অ্যান্ডারসনের শিকারে পরিণত হন হাডিন। অস্ট্রেলিয়ার স্কোর তখন সাত উইকেটে ১৮৯। শেষপর্যন্ত মিচেল জনসনের ৬২ রানের লড়াকু ইনিংস ও পিটার সিডলের অপরাজিত ৩৫ রানের সুবাদে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ২৬৮ রানে।সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ২৯/০ (১২ ওভার), অ্যালিস্টার কুক ১৭, অ্যান্ডি স্ট্রাউস ১২অস্ট্রেলিয়া ২৬৮ (অলআউট), মাইক হাসি ৬১, মিচেল জনসন ৬২, ব্রাড হাডিন ৫৩।ট্রেমলেট ২৩-৩-৬৩-৩, অ্যান্ডারসন ২০-৩-৬১-৩টস: ইংল্যান্ড।— ক্রিকইনফো।