দক্ষিণ এশিয়ান গেমসের সময়সূচি চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১০-২০ জানুয়ারি আসামের গুয়াহাটি ও মেঘালয়ের শিলংয়ে অনুষ্ঠেয় ১২তম এসএ গেমসের জন্য নড়েচড়ে বসেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। গেমসের খরচ বাবদ সরকারের কাছে গতকাল একটা বাজেটও দিয়েছে সংস্থাটি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের কাছে ২৭ কোটি ১৭ লাখ টাকার ওই বাজেট তুলে দেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এর মধ্যে ১৬ কোটি ৮৩ লাখ প্রশিক্ষণের জন্য ও ১০ কোটি ৩৪ লাখ গেমসে যাওয়া-আসা ও বিবিধ খাতে বরাদ্দ চাওয়া হয়েছে।
কোনো গেমস এলেই টাকার জন্য শুরু হয় ক্রীড়া মন্ত্রণালেয় দৌড়ঝাঁপ। কিন্তু ক্রীড়া মন্ত্রণালয় নয়, টাকা দেয় অর্থ মন্ত্রণালয়। বার্ষিক বাজেটে গেমসের জন্য আলাদা কোনো বরাদ্দ না থাকায় অর্থ মন্ত্রণালয় একটা ‘থোক বরাদ্দ’ দিয়ে থাকে। বিওএকে কাল তা মনে করিয়ে দিয়ে ঈদের পরপরই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
তবে অতীত অভিজ্ঞতায় বিওএ জানে, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেতে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা পেরোতে হবে আগে। যদিও বিওএ মহাসচিব বলছেন, টাকা পেলে ১ আগস্ট থেকে প্রস্তুতি শুরুর পরিকল্পনা নেবেন। কিন্তু বাস্তব অর্থে এই টাকা কবে পাওয়া যাবে তা এখনই বলা কঠিন। প্রস্তুতিও তাই ১ আগস্ট শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।