২৭ ডিসেম্বরই শুরু প্রিমিয়ার লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ পেছানোর দাবি তুলেছিল কয়েকটি ক্লাব। কিন্তু এই ক্লাবগুলোর দাবি মানেনি ফেডারেশন। আগের সিদ্ধান্ত অনুসারে ২৭ ডিসেম্বরই শুরু হবে এবারের প্রিমিয়ার লিগ।
তবে প্রতিদিন দুটি করে খেলা হওয়ার কথা ছিল। কিন্তু দুটির বদলে একটি করে খেলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। আর সপ্তাহে তিন দিনের বদলে পাঁচ দিন চলবে খেলা। বিকল্প ভেন্যু হিসেবে গাজীপুর ও মানিকগঞ্জ স্টেডিয়ামকেও তালিকায় রাখা হয়েছে। তবে ভেন্যু পরিদর্শন করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে। আর মাত্র তিন দিন পর শুরু হবে দেশের সবচেয়ে বড় ফুটবল আসর। অথচ দশ দলের পেশাদার লিগের জন্য এখন পর্যন্ত কোনো স্পনসর জোগাড় করতে পারেনি বাফুফে। কাল পেশাদার লিগ কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বললেন, ‘স্পনসর নিয়ে একটা সাসপেন্স রেখেছি।’ বাস্তবতা হলো, স্পনসর আনতে পারছে না বাফুফে। যদিও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আশাবাদী স্পনসর পাওয়া যাবে, ‘আমাদের প্রিমিয়ার লিগের স্পনসরশিপের মান অন্তত কোটি টাকা। যাদের সঙ্গে আলোচনা চলছে তারা কম টাকার প্রস্তাব দিচ্ছে। তাদের সঙ্গে কথাবার্তা না মিললে স্পনসর ছাড়াই শুরু হতে পারে। তবে আরও দু-একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’