২৭ রান করতেও নেই ২ উইকেট!
৮ উইকেটের জয়—আপাতদৃষ্টিতে জয়টা হয়তো অনেক বড় মনে হবে, কিন্তু মালদ্বীপ অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে গতকাল পাওয়া এই জয়ে কি সন্তুষ্ট হতে পারছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল? মালদ্বীপকে মাত্র ২৬ রানে অলআউট করে দেওয়ার পর ওই রান তাড়া করে জিততেও ২ উইকেট হারাতে হবে কেন?মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটা সব মিলিয়ে হয়েছে ১ ঘণ্টা ২৬ মিনিট। তাতে ২৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলীয় ৫ আর ২১ রানে হারিয়েছে ওপেনার আনামুল হক (৪) ও অধিনায়ক মোহাম্মদ মিঠুনের (১৬) উইকেট দুটি। আরেক ওপেনার রনি তালুকদার (১০*) শেষ কাজটা অন্তত ঠিকঠাকভাবে করেছেন আসিফ আহমেদকে (০*) নিয়ে। এর আগে ২৬ রানে অলআউট হলেও মালদ্বীপ ব্যাট করেছে ১৫.৫ ওভার পর্যন্ত। দলের পক্ষে সর্বোচ্চ রান অপরাজিত ৫, করেছেন হাসান ইব্রাহিম। বাংলাদেশ অনূর্ধ্ব-২১-এর শুভাশিস রায় ৪টি, নাজমুল ইসলাম ও সাব্বির রহমান ২টি করে এবং সানজামুল ইসলাম ১টি উইকেট পেয়েছেন।একই মাঠে দিনের অন্য ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২১ দলকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে এখনো অপরাজিত আছে পাকিস্তান অনূর্ধ্ব-২১ দল। শ্রীলঙ্কার ৯৯ রানের জবাবে ১৮.৫ ওভারেই জিতে গেছে পাকিস্তান। ৪০ বলে সর্বোচ্চ ৩৫ রান করেছেন আলী আসাদ। ৩ ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্ট ৬, সমান ম্যাচে বাংলাদেশ আর শ্রীলঙ্কার পয়েন্ট ৪ করে। নেপাল-মালদ্বীপ এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি।