২৭২ রানে এগিয়ে বাংলাদেশ
টেস্ট ক্রিকেটে ২০০০ রানের মাইলফলক থেকে মাত্র ১৬ রান দূরে ছিলেন সাকিব আল হাসান। যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল, সাকিবের নতুন এই মাইলফলক স্পর্শ করাটা শুধুই সময়ের ব্যাপার মাত্র। কিন্তু শেষরক্ষা হয়নি। আজ তৃতীয় দিনের একেবারে শেষভাগে ঐ ১৬ রানের আক্ষেপ নিয়েই সাজঘরে ফিরতে হয়েছে এই বামহাতি ব্যাটসম্যানকে। দিনশেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ১৬৩ রান। সবমিলিয়ে বাংলাদেশ এখন এগিয়ে আছে ২৭২ রানে।সাকিব না পারলেও ঐ ২০০০ রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ এখনো আছে অধিনায়ক মুশফিকুর রহিমের সামনে। আজ ৫০ রানের লড়াকু ইনিংস খেলে দিনশেষে অপরাজিত আছেন মুশফিক। ২০০০ রানের মাইলফলকে পৌঁছাতে গেলে তাঁকে করতে হবে আরও ৫০ রান।আজ দ্বিতীয় ইনিংসের শুরুতেই জিম্বাবুয়ের বোলারদের পাশাপাশি বাংলাদেশ ধাক্কা খেয়েছে আম্পায়ারদ্বয় ইয়ান গোল্ড ও টনি হিলের কাছ থেকেও। তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের আউট দুটি দেখে বোকা বনে যাবেন যে কেউই। তামিমের ব্যাটের অনেক দূর দিয়ে বল চলে গেলেও টনি হিলের কাছে মনে হয়েছে তা ব্যাট ছুঁয়ে গেছে। আশরাফুলের আউটটি তো আরও দৃষ্টিকটু। লেগ স্ট্যাম্পের বাইরে থাকা বলটি আশরাফুলের পায়ে লাগার পর ইয়ান গোল্ড সঙ্গে সঙ্গেই আঙুল তুলে দিলেন। মনে হলো, তিনটি স্ট্যাম্প কোথায় বসানো এক মুহূর্তের জন্য সেটাই ভুলে গিয়েছিলেন আম্পায়ার গোল্ড। তামিম ও আশরাফুলের সঙ্গে প্যাভিলিয়নে ফিরেছেন জহুরুল ইসলামও। শিঙ্গি মাসাকাদজার বলে তিনিও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। এরপর ধীরস্থীর ব্যাটিং করে প্রাথমিক বিপর্যয়টা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন মমিনুল ও সাকিব। চতুর্থ উইকেটে তাঁরা গড়েছিলেন ৪৭ রানের ধৈর্য্যশীল এক জুটি। দলীয় ৬৫ রানের মাথায় আবারও বাংলাদেশ শিবিরে আঘাত হেনেছেন শিঙ্গি মাসাকাদজা। ২৯ রান করে ফিরে গেছেন মমিনুল। পঞ্চম উইকেটে ৮৪ রানের জুটি বেশ ভালোই লড়াই চালিয়েছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দলীয় ১৪৯ রানের মাথায় এই জুটি ভেঙ্গে জিম্বাবুয়ে শিবিরে স্বস্তি ফিরিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা। ৫৯ রান করে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন সাকিব।এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৯১ ও জিম্বাবুয়ে ২৮২ রান করেছে।