২৮ এপ্রিল থেকে আবার বিসিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২১ জানুয়ারির পর বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য লম্বা বিরতি কাটিয়ে ২৮ এপ্রিল থেকে আবারও শুরু হচ্ছে সেটি। কাল বিসিবির টুর্নামেন্ট কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় বিসিএলের সব ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
চার ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে চূড়ান্ত সম্মতি পাওয়া গেলে ২৮ এপ্রিল থেকে লিগ পর্বের শেষ দুটি ম্যাচই শুরু হওয়ার কথা ফতুল্লায়। ফতুল্লার মূল স্টেডিয়ামে খেলবে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। আউটার স্টেডিয়ামে হবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ম্যাচটি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাঁচ দিনের ফাইনাল ম্যাচটি শুরু হবে আগামী ৪ মে থেকে।
বন্ধ হওয়ার আগে লিগ পর্বে প্রতিটি দলই ম্যাচ খেলেছে দুটি করে। দুই ম্যাচে মোট ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে মধ্যাঞ্চল। দ্বিতীয় স্থানে থাকা উত্তরাঞ্চলের পয়েন্ট ৩০। ১৭ পয়েন্ট নিয়ে দক্ষিণাঞ্চল আছে তৃতীয় স্থানে। সবার শেষে থাকা পূর্বাঞ্চলের পয়েন্ট ১৫। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।
টুর্নামেন্ট কমিটির গতকালের সভায় বিসিএল শেষ হওয়ার সাত দিন পর থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু করারও সিদ্ধান্ত হয়েছে।