২৮ এপ্রিলেই বাফুফের নির্বাচন
গঠনতন্ত্র নিয়ে ঝামেলায় পড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন পিছিয়ে যাওয়ারই ইঙ্গিত মিলেছিল। পরশু দীর্ঘ চার ঘণ্টা সভা করেও এ নিয়ে সিদ্ধান্তে আসতে না পেরে তা মুলতবি করে দেওয়া হয়। কিন্তু কাল বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে জানা গেল, আগামী ২৮ এপ্রিলই নির্বাচন হচ্ছে। কাউন্সিলর না হলেও নির্বাচনে প্রার্থী হওয়া যাবে, এ ব্যাপারে কালকের সভায় সবাই একমত হয়েছেন। আগের দিনে অনেক সদস্য ওই প্রস্তাবের বিরোধিতা করলেও নির্বাচনের স্বার্থেই নাকি তাঁরা ওটা মেনে নিয়েছেন শেষ পর্যন্ত। তবে এ ক্ষেত্রে শর্ত হলো, একজন কাউন্সিলর প্রার্থীর নাম প্রস্তাব করবেন, আরেকজন কাউন্সিলর সমর্থন করবেন, প্রার্থীকে ফুটবল-সংশ্লিষ্টই হতে হবে। অবশ্য গত ২০০৮ সালের গঠনতন্ত্র অনুসারেই হবে এবারের নির্বাচন। নির্বাচনের জন্য এরই মধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। আর এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য বাফুফের এফিলিয়েটেড সদস্যদের কাছ থেকে কাউন্সিলরের নামের তালিকা চাওয়া হয়েছে। আগামী ৭ এপ্রিলের মধ্যে এ তালিকা বাফুফের কাছে পাঠাতে হবে। এরপরই ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল।