২৮ বছর পর
অবশেষে যোগ্য সম্মানটাই পেলেন লরেন্স রো। তাঁর নামানুসারে কিংস্টনের স্যাবাইনা পার্কের গ্যালারির একাংশের নাম দেওয়া হয়েছে ‘লরেন্স রো স্ট্যান্ড’। পরশু জ্যামাইকান ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেসিএ) জানিয়েছে এই সিদ্ধান্ত। একই দিনে রো’ও ক্ষমা চেয়েছেন ২৮ বছর আগের এক কৃতকর্মের জন্য।১৯৭২ সালে অভিষেক টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠেই ২১৪ ও অপরাজিত ১০০ রান করেছিলেন ক্যারিবীয় ব্যাটসম্যান রো। অভিষেকেই ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার রো পরে একটি ট্রিপল সেঞ্চুরিও করেছেন টেস্টে। তবে এত ভালো শুরুর পরও মাত্র ৩০ টেস্টেই শেষ হয়ে গেছে তাঁর ক্যারিয়ার! সাতটি সেঞ্চুরিসহ ৪৩.৫৫ গড়ে ২০৪৭ রান করার পর চোখের সমস্যার কারণে ১৯৮১ সালে মাত্র ৩১ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন রো।১৯৮৩ সালে তখনকার বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বিশাল বিতর্কের জন্ম দিয়ে দেশত্যাগে বাধ্য হয়েছিলেন। সেই থেকে তাঁর ঠিকানা যুক্তরাষ্ট্র। পরশু অবশ্য ওই ঘটনার জন্য মাফ চেয়েছেন ৬২ বছর বয়সী এই জ্যামাইকান। ওয়েবসাইট।