২৮ বছর পর লর্ডসে জিতল ভারত

১০ জুন ১৯৮৬ থেকে ২১ জুলাই ২০১৪—দীর্ঘ ২৮ বছরে লর্ডসে একটিও জয় পায়নি ভারত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এল জয়। আজ ইংল্যান্ডকে ৯৫ রানে হারিয়ে ক্রিকেটের তীর্থে জয়-খরা ঘোচাল ভারত। ওই ম্যাচ জিতে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত, আজও তা-ই। অবশ্য এ সিরিজটি পাঁচ ম্যাচের। লর্ডসে ১৭ টেস্টে এটি ভারতের দ্বিতীয় জয়। বিদেশের মাটিতে গত ১৬ টেস্টে ভারতের এটি প্রথম জয়।

গতকালই সর্পিল সুইংয়ে ইংলিশ ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খাইয়েছিলেন ইশান্ত শর্মা। এ ডান-হাতি ১৫-১৬ সেন্টিমিটার পর্যন্ত সুইং পেলেন লর্ডসের উইকেটে। আজও বলের মুভমেন্ট ছিল উল্লেখ করার মতোই, ছিল অসমান বাউন্স। মওকা বুঝে ভালোভাবেই ছোবল মারলেন ইশান্ত। তুলে নিলেন ক্যারিয়ার-সেরা ৭ উইকেট।
৩১৯ রানের লক্ষ্যে খেলতে নামা ইংলিশদের ধসিয়ে দেওয়ার মূল নায়ক ইশান্ত। ৭২ রানে ৪ উইকেট পতনের পর ধ্বংসস্তূপের মাঝে কিছুটা লড়াই চালিয়েছিলেন জো রুট ও মইন আলী। দুজনের পঞ্চম উইকেট জুটিতে আসে ১০১। ইশান্তের লাফিয়ে ওঠা বল গা বাঁচিয়ে ঠেকাতে গিয়ে অদ্ভুতভাবে আউট হলেন মইন। সর্বোচ্চ ৬৬ এল রুটের ব্যাট থেকে। এ জুটিটাই যা একটু আশা দেখিয়েছিল ইংলিশদের। জুটি ভাঙার পর ইংল্যান্ডের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়াল। গত দিনের সঙ্গে আজ ৬ উইকেটে ১১৮ রান যোগ করতে পেরেছে ইংলিশরা। শেষমেশ অলআউট ২২৩ রানে, হার ৯৫ রানের।
২৮ বছর আগে ৫ উইকেটে জেতা সে টেস্টে ম্যাচসেরা হয়েছিলেন ভারত অধিনায়ক কপিল দেব, আজ ইশান্ত। ২০১১ সালে ইংল্যান্ড সফরে টানা চার ম্যাচ হেরেছিল ভারত। এবার অবশ্য ভিন্ন চিত্র। ৫ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মহেন্দ্র সিং ধোনির দল। সূত্র: স্টার স্পোর্টস ১, রয়টার্স ও ক্রিকইনফো।