২৮ মাস পর রনি-মজিদ...


২০১১ সালের অক্টোবরের বগুড়াই যেন ফিরে এল ২০১৪ সালের বিকেএসপিতে। ২০১১-১২ মৌসুমে জাতীয় লিগে বগুড়ায় রংপুরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৯১ রান করেছিল ঢাকা বিভাগের উদ্বোধনী জুটি। সেঞ্চুরি করেছিলেন দলটির দুই ওপেনার রনি তালকুদার ও আবদুল মজিদ। কাল বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে আবারও সেঞ্চুরি পেয়েছেন রনি ও মজিদ। এবার রাজশাহীর বিপক্ষে দুজনের উদ্বোধনী জুটিতে এসেছে ১৯৭ রান। মাঝের ২৮ মাসে রনি-মজিদের কারোরই সেঞ্চুরি ছিল না প্রথম শ্রেণীর ক্রিকেটে।
১০৩ রান করে রনি ফিরে যাওয়ার পর তাইবুর পারভেজের সঙ্গেও ১৪৩ রানের জুটি গড়েছেন মজিদ। চতুর্থ রাউন্ডের প্রথম দিনেই মাত্র ১ উইকেট হারিয়ে ঢাকা বিভাগ তুলে ফেলেছে ৩৪০ রান। ক্যারিয়ার-সর্বোচ্চ ১৫৫ রান করে অপরাজিত মজিদ। ২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের ২৪২ বলের ইনিংসে আছে ২০টি চার ও ১টি ছয়। রনির ১৮৬ বলের ইনিংসে চার ও ছয় ৯ ও ৪টি করে।
বগুড়ায় রানের বন্যা। অন্যদিকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে উইকেট প্রপাতে শুরু হয়েছিল চট্টগ্রাম-বরিশাল ম্যাচ। টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয় হয় বরিশালের। স্কোরবোর্ডে মাত্র ৩ রান, ১০ বলের মধ্যে কোনো রান না করেই আউট হয়ে যান প্রথম চার ব্যাটসম্যান। তবে ২২ রানে পঞ্চম ও ৩২ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর সাবেক অধিনায়ক শাহিন হোসেন লেজের ব্যাটসম্যানদের নিয়ে যোগ করেন ১৬৫ রান। ৬৬ রানে অপরাজিত ছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ৫৫ রানে ৩ উইকেট হারানো চট্টগ্রাম দিন শেষ করেছে ৯০ রানে।
বগুড়ায় ঢাকা মহানগরের বিপক্ষে ৮০ রানে ৫ উইকেট হারানো রংপুর ২৪০ করেছে ধীমান ঘোষের ৭২ রানের সৌজন্যে। ১ উইকেটে ১২ রান নিয়ে দিন শেষ করেছে মহানগর। সিলেটে স্বাগতিকেরা অলআউট হয়েছে ১২৩ রানে। ৪ উইকেটে ১৫০ রান তুলে দিন শেষে ২৭ রানে এগিয়ে গেছে খুলনা।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট-খুলনা, সিলেট
সিলেট ১ম ইনিংস: ৫০.৪ ওভারে ১২৩ (রাজিন ৪৮, সায়েম ৩৩; ডলার ৪/১৪, রাজিবুল ৪/২০, জিয়াউর ১/১০, মুরাদ ১/৫১)। খুলনা ১ম ইনিংস: ৩৯ ওভারে ১৫০/৪ (মিঠুন ৫৩, তুষার ৪১*, জিয়াউর ২৬*; নাবিল ২/৩৯, নাজমুল ১/২৩, এনামুল জু. ১/৫৪)।
ঢাকা বিভাগ-রাজশাহী, বিকেএসপি
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৪০/১ (মজিদ ১৫৫*, রনি ১০৩, তাইবুর ৬৫*; ফরহাদ হোসেন ১/৪২)।
রংপুর-ঢাকা মহানগর, বগুড়া
রংপুর ১ম ইনিংস: ৮৪ ওভারে ২৪০ (ধীমান ৭২, তানভীর ৩৮, সোহরাওয়ার্দী ২৭*; আজিম ৩/৪৪, সৈকত ২/৩৩, সানি ২/৫৭, শরীফউল্লাহ ১/২৫, আসিফ ১/৪০)। ঢাকা মহানগর ১ম ইনিংস: ৩.৩ ওভারে ১২/১ (সানি ১১; সোহরাওয়ার্দী ১/০)।
চট্টগ্রাম-বরিশাল, চট্টগ্রাম
বরিশাল ১ম ইনিংস: ৬১.৩ ওভারে ১৯৭ (শাহিন ৬৬*, মানিক ৩৩, কবির ৩৩; মেহেদী ৩/২৪, মনিরুজ্জামান ২/৩২, ইয়াসিন ২/৩৪, সাইফুদ্দিন ১/৯, ফয়সাল ১/২৮, ইউনুস ১/৫৯)। চট্টগ্রাম ১ম ইনিংস: ২৮ ওভারে ৯০/৩ (ইরফান ৩১*, ফয়সাল ২১*; ইসলামুল ২/২৯, মনির ১/১৪)।