২৮ মাস পর হকিতে দলবদল
হকিতে দলবদলের কথা ভুলতেই বসেছিলেন খেলোয়াড়েরা। সর্বশেষ দলবদল হয়েছিল ২০০৯ সালের ৬-৮ অক্টোবর। ২৮ মাস ১৬ দিন পর আরেকটি নতুন মৌসুমের জন্য আজ শুরু হচ্ছে দলবদল।দলবদলের জন্য খেলোয়াড়েরা তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকেন। কিছু টাকাপয়সার মুখ এতে দেখা যায়। এবার খেলোয়াড়েরা মোটামুটি ভালোই টাকা পাচ্ছেন। সাম্প্রতিক সময়ে আবাহনীর কাছ থেকে সর্বোচ্চ ছয় লাখ টাকা পেয়েছিলেন জাতীয় দলের এক নম্বর স্ট্রাইকার জিমি। এবার মোহামেডানেই থেকে যাওয়া ডিফেন্ডার চয়ন সাড়ে ছয় লাখ পেয়েছেন বলে তাঁরই ঘনিষ্ঠ এক খেলোয়াড়ের দাবি। তবে মোহামেডান টাকার অঙ্কটা ছয় লাখ বলেছে। জিমির আর্থিক চুক্তিটাও প্রায় কাছাকাছি। প্রথম সারির খেলোয়াড়দের মূল্য পাঁচ লাখ বা এর আশপাশে থাকছে। কয়েকজন শতভাগ টাকাও পেয়ে গেছেন। দলবদলে অগ্রবর্তী নাম মোহামেডান। মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরে মোহামেডান এবার বিপুল ব্যবধানে জয়ী হতে যাচ্ছে! সর্বশেষ জাতীয় দলের আটজন খেলোয়াড়কে চূড়ান্ত করেছে দলটি। তাঁরা হলেন চয়ন, পিন্টু, তাপস, বিপ্লব, রানা, নান্নু, মানিক ও জিমি। আবাহনীতে জাতীয় দলের খেলোয়াড় মাত্র দুজন—পুষ্কর ও জাহিদ। আকাশি-নীলরা নিচ্ছে মুসা, হাসান, রাজন, জাহিদ, ইমরান প্রিন্স, ফিরোজকে। থাকছেন চন্দন, মনসুর, এহসান রানা। আজ দলবদল করবে আবাহনী, কাল মোহামেডান।সর্বশেষ জাতীয় দলের খেলোয়াড়বিহীন ঊষা দল গড়ছে মূলত বিকেএসপির সিনিয়র দলের ১০ তরুণকে নিয়ে। সিনিয়রদের মধ্যে টিটু, তুহিনরা আছেন। ইসা মিয়া যাচ্ছেন ঊষায়। দলটির কর্মকর্তা সাবেক স্ট্রাইকার রফিকুল ইসলাম কামাল কাল বলছিলেন, ‘মোহামেডান অনেক এগিয়ে সন্দেহ নেই। তবে আমরাও খারাপ করব না।’