আইপিএলের ৬০তম ম্যাচে আজ দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে ২৯ রানের সহজ জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাবের ছুড়ে দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে দিল্লির ইনিংস শেষ হয়েছে ১৪১ রানে।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির অধিনায়ক জেমস হোপ। চতুর্থ ওভারে পাঞ্জাব অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টের উইকেট তুলে নিয়ে দিল্লির সমর্থকদের আনন্দে মাতিয়েছিলেন মরনে মরকেল। কিন্তু এরপর দ্বিতীয় উইকেটে ১০২ রানের অসাধারণ এক জুটি গড়ে দিল্লি বোলারদের হতাশায় পোড়ান পল ভালতাথি ও শন মার্শ। ১১ ওভারে এই ১০২ রানের জুটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করায় পাঞ্জাবকে। ভালতাথির ব্যাট থেকে আসে ৬২ রান। মার্শ খেলেন ২৮ বলে ৪৬ রানের এক ঝোড়ো ইনিংস। শেষ পর্যন্ত দিনেশ কার্তিকের ১৯ বলে ২৭ রানের ইনিংসটির সুবাদে পাঞ্জাব স্কোর বোর্ডে জমা হয় ১৭০ রান।১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল দিল্লি। উদ্বোধনী জুটিতে নামান ওঝা ও ডেভিড ওয়ার্নার যোগ করেন ৫২ রান। তবে ১০ ওভারের মধ্যেই এই দুই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে পাঞ্জাবকে খেলায় ফেরান শ্রীবাস্তব। এরপর আর উল্লেখযোগ্য বড় কোনো জুটিই গড়ে তুলতে পারেননি দিল্লির ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্যে দিয়ে তাদের ইনিংস শেষ হয় ১৪১ রানে। পাঞ্জাবের পক্ষে মাত্র ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন পীযূষ চাওলা।